সোহাগ-নাঈমে স্বস্তি নির্বাচকদেরও
আকরাম খান বারবারই মনে করিয়ে দিতে চাইলেন, ‘এটা কিন্তু শুরু। ওদের এই ভালোটা ধরে রাখতে হবে।’যত দিন যাবে সোহাগ গাজী আর নাঈম ইসলামের পথ ততই কঠিন হয়ে উঠবে। ভিডিও ফুটেজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিশ্চয়ই তাঁদের অফ স্পিন এবং ব্যাটিংকে প্রতিপক্ষের কাছে আর অচেনা রাখবে না। প্রধান নির্বাচক মনে করিয়ে দিতে চান, এখানেই শেষ নয়। অনাগত চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে।কিন্তু শুরু তো হলো! সোহাগের হলো একেবারেই নতুন শুরু। ২০০৯-১০ মৌসুমে শুরু, জাতীয় লিগে পরের মৌসুমেই সর্বোচ্চ ৪১ উইকেট পেয়েছেন। এবার তো খুলনার বিপক্ষে হ্যাটট্রিকসহ এক ইনিংসে পেয়েছেন ৭ উইকেট, ব্যাট হাতে সেঞ্চুরিও করেছেন ওই ম্যাচে। এ ছাড়া ‘এ’ দলের হয়ে ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে কর্ণাটক কোল্টসের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ১১টি। একাডেমি এবং ‘এ’ দলের হয়ে এ রকম আরও কিছু পারফরম্যান্স সোহাগকে কখনোই নির্বাচকদের দৃষ্টির আড়ালে যেতে দেয়নি।নাঈম ইসলামের এটা দ্বিতীয় শুরু। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর শুরুতে ধারাবাহিক থাকলেও গত এক-দেড় বছরে জাতীয় দলে নিয়মিত ছিলেন না। মাঝের সময়টাতে নিজেকে ঢেলে সাজিয়ে নাঈম এবার শুধু ফিরলেনই না, নিজেকে চেনালেন নতুন করে। জাতীয় দলে ফেরার আগেই জাতীয় লিগে পর পর দুই ম্যাচে করে এসেছেন দুই সেঞ্চুরি। ধারাবাহিকতা ধরে রেখে সেঞ্চুরি করেছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও। জাতীয় দলে চার নম্বর জায়গা নিয়ে যে সংকট ছিল, সেটারও একটা সমধানের সম্ভাবনা দেখাচ্ছেন নাঈম ইসলাম। সোহাগের ওপর নির্বাচকদের চোখ ছিল প্রায় দুই বছর ধরে। একাডেমি আর ‘এ’ দলের ম্যাচগুলোয় বেশি বেশি খেলার সুযোগ দিয়ে নেওয়া হয়েছে তার সামর্থ্যের পরীক্ষা। ‘শুরু থেকেই আমাদের মনে হয়েছে, ও (সোহাগ) বোলিংয়ে উন্নতি আনতে পারলে ব্যতিক্রমী কিছু হবে। টেস্টের জন্য একজন ভিন্ন ধরনের বোলার পাব আমরা। টেস্টে অফ স্পিন অনেক বেশি কার্যকর। সে জন্য দেশে বা বিদেশ সফরেও ওর দিকে দৃষ্টি ছিল’—সোহাগের ওপর শিকারি চোখ রাখার কারণ ব্যাখ্যা করছিলেন প্রধান নির্বাচক।নাঈমুর রহমানের পর বাংলাদেশ দলে বিশেষজ্ঞ অফ স্পিনার হিসেবে সোহাগই প্রথম এলেন। কিন্তু বাঁহাতি স্পিনারের তীর্থ বলে কি অফ স্পিনার পাওয়াই যাবে না বাংলাদেশে! আকরামের বিশ্লেষণে সমস্যাটা মানসিকতায়, ‘বাংলাদেশের ক্রিকেটে ফাস্ট বোলিং এবং অফ স্পিনকে সেভাবে উৎসাহ দেওয়া হয় না। ঢাকা লিগেও দেখবেন সবাই বাঁহাতি স্পিনারের দিকে ঝোঁকে। তাতে পরিস্থিতিটা এ রকম দাঁড়িয়েছে, জাতীয় দলে ঢোকার জন্য এখনো চার-পাঁচজন বাঁহাতি স্পিনার লাইন দিয়ে আছে। সে তুলনায় অফ বা লেগ স্পিনার কিংবা ভালো ফাস্ট বোলার নেই বললেই চলে।’বিরুদ্ধ স্রোতের সামনে সোহাগ গাজী তাই দারুণ এক ব্যতিক্রম। সামর্থ্যের প্রমাণ দিয়ে আজ এই জায়গায় আসতে পারার কৃতিত্ব তাঁকেই দিচ্ছেন আকরাম। কৃতিত্ব দিলেন নাঈমকেও, ‘বাংলাদেশে ভালো খেলোয়াড় অনেক আছে। তাদের যথেষ্ট সুযোগও দেওয়া হয়। কিন্তু বেশির ভাগই সেটার সদ্ব্যবহার করতে পারে না। একজনকে তো আর সব সময় সুযোগ দেওয়া সম্ভব না। তাতে অন্যদের প্রতি অবিচার হয়। নাঈম অল্প সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে পেরেছে।’ আকরামের দৃষ্টিতে, ব্যাটিং বা বোলিং কোনোটাতেই দলের জন্য অপরিহার্য হয়ে উঠতে না পারাটাই একসময় বড় সমস্যা ছিল নাঈমের, ‘জাতীয় দলে আসার পর শুরুতে কোনো কিছুতেই স্পেশালিস্ট ছিল না ও। কিছু ব্যাটিং, কিছু বোলিং আর কিছু ফিল্ডিং মিলিয়েই দলে ছিল। সেজন্য ভালো করার সুযোগ ছিল না।’এই উপলব্ধি নাঈমেরও ছিল নিশ্চয়ই। জাতীয় দলে অনিয়মিত হওয়ার পর থেকেই তাই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে শুরু করেন ঘরোয়া ক্রিকেট বা ‘এ’ দলের ম্যাচগুলোয়। নিজেকে তুলে আনেন ব্যাটিং-অর্ডারের ওপরের দিকে। ‘নাঈম অনেক কষ্ট করেছে। সবচেয়ে বড় কথা দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছে। সাত-আট থেকে উঠে এসে চার নম্বরে খেলেছে। এই সুযোগ সে তখন জাতীয় দলে পেত না’—বদলে যাওয়া নাঈম সম্পর্কে বলছিলেন প্রধান নির্বাচক।ওয়ানডে আর টি-টোয়েন্টি দলকে মোটামুটি চেহারা দেওয়া গেছে। নির্বাচকদের সামনে চ্যালেঞ্জটা এখন সুষম একটা টেস্ট দল দাঁড় করানো। চার নম্বরে ‘দায়িত্বশীল’ নাঈমের ব্যাটিং আর বোলিংয়ে সোহাগের ‘ব্যতিক্রম’ হয়তো কাজটা সহজ করল। তবে আত্মতৃপ্তির যে সুযোগ নেই, সেটা তো আকরাম খানই মনে করিয়ে দিচ্ছেন বারবার, ‘এটা মাত্র শুরু। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ভালোটা ধরে রাখা...।’