সোহাগ-মাহমুদউল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন!
লাঞ্চের পর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে সনাৎ জয়াসুরিয়া জানতে চাইলেন, ‘বাংলাদেশের ওই বাঁহাতি স্পিনারটার নাম কী?’ ‘ইলিয়াস সানি’ শোনার পর বললেন, ‘ওর তো হাত বাঁকা হয়ে যায়।’বোলিংয়ের সময় ইলিয়াস সানির হাত বাঁকা হয়ে যায়! এমন অভিযোগ কস্মিনকালেও ওঠেনি। জয়াসুরিয়াকে তা বলার পর শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন প্রধান নির্বাচক শুধু হাসলেন। প্রথম দিনের খেলা শেষে আবারও আলোচনায় বোলিং অ্যাকশন। বাংলাদেশের দুই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করতে তাঁদের ডেকে পাঠালেন ম্যাচ রেফারি নাল্লিয়া দেবরাজন। মজার ব্যাপার হলো, এই দুজনের মধ্যে জয়াসুরিয়ার ‘সন্দেহভাজন’ ইলিয়াস সানি নেই। ম্যাচ রেফারির আপত্তি দুই অফ স্পিনার সোহাগ গাজী ও মাহমুদউল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে। একটু জোরের ওপর বল করার সময় নাকি তাঁদের হাত ভেঙে যায়।সোহাগ ও মাহমুদউল্লাহর সঙ্গে ডাকা হয়েছিল অধিনায়ক মুশফিকুর রহিমকেও। একটি সূত্রে জানা গেছে, তিনি ভিডিও ফুটেজ দেখাতে বললে সেটি নেই বলে জানান ম্যাচ রেফারি। ভিডিও ফুটেজ ছাড়া এ ধরনের অভিযোগ করা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও নাকি তুলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সূত্র আরও জানিয়েছে, ম্যাচ রেফারি এই দুই বোলারের বোলিং অ্যাকশনের ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে রিপোর্ট করার হুমকিও দিয়েছেন।সফরে প্রথম দিন মাঠে নেমেই এ ঘটনায় বাংলাদেশ দল একটু হকচকিত তো বটেই। তবে এটির একটা ব্যাখ্যাও খুঁজে নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে টালমাটাল শ্রীলঙ্কা হয়তো বাংলাদেশ দলকে অস্বস্তিতে ফেলার জন্যই এমন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ দলের এক সদস্য বলেছেন, ‘আমরা এর একটাই অর্থ খুঁজে পাই। এবার ওরা আমাদের খুব সিরিয়াসলি নিচ্ছে।’শেষ পর্যন্ত এ ধারণা সত্যি বলে প্রমাণিত হলেই মঙ্গল।