সোহাগ-হাসান ওয়ানডে দলেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের পর ওয়ানডে দলেও ঢুকে গেলেন সোহাগ গাজী ও আবুল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য কাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলের একেবারে নতুন মুখ এই দুজনই। নতুন বলা যেত এনামুল হককেও (বিজয়)। তবে এখনো কোনো ওয়ানডে না খেললেও এনামুল ছিলেন এশিয়া কাপের দলে। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে এশিয়া কাপেই। এনামুলসহ এশিয়া কাপের ১০ জনই আছেন এই দলে। বাদ পড়েছেন ইলিয়াস সানি, ইমরুল কায়েস, নাজিমউদ্দিন, নাজমুল হোসেন ও শাহাদাত হোসেন। দলে ফিরেছেন নাঈম ইসলাম ও রুবেল হোসেন। এঁরা দুজনই সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের পাকিস্তান সিরিজে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে প্রথম দুটি ওয়ানডে।কাল ঘোষণা করা হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশও। ২৭ ও ২৮ নভেম্বরের দুটি ম্যাচে দলটির প্রতিপক্ষ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রসহ ১৩ জন। ব্যাটসম্যান এনামুল আছেন এই দলেও। তবে সেটা শুধু দ্বিতীয় ম্যাচের জন্যই। মার্শাল আইয়ুব খেলবেন শুধু প্রথম ম্যাচটি।প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক (বিজয়), জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, আবুল হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম।প্রস্তুতি ম্যাচের দল: ইমরুল কায়েস, মমিনুল হক, আসিফ আহমেদ, মার্শাল আইয়ুব, জহুরুল ইসলাম, ইলিয়াস সানি, ফরহাদ রেজা, জিয়াউর রহমান, আল আমিন, তাসকিন আহমেদ, এনামুল হক জুনিয়র, এনামুল হক (বিজয়) ও সৌম্য সরকার।