সোহাগকে নিয়ে আলোচনা পছন্দ নয় গেইলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিপিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। এবার একমাত্র ম্যাচে নেমেই সেঞ্চুরি! বিপিএল যেন ক্রিস গেইলের সেঞ্চুরির মঞ্চ।সংবাদ সম্মেলনে ক্যারিবীয় এই ব্যাটসম্যান অবশ্য সেটা মানলেন না, ‘গত (পরশু) রাতে অস্ট্রেলিয়া থেকে এসেছি। অনেক লম্বা ফ্লাইট ছিল। এভাবে এসে সরাসরি ম্যাচ খেলতে নেমে যাওয়াটা সহজ ছিল না। তবে দলের যা দরকার ছিল, আমি দিতে পেরেছি। তাদের ফাইনালে তুলে দিয়েছি।’পাকিস্তানি ক্রিকেটাররা নেই। গতবারের মূল আকর্ষণ গেইলও ছিলেন না বলে বিপিএল শুরু থেকেই এবার হাহাকার করছিল। ‘রেস টু ফাইনাল’ পর্বে সেই হাহাকার ঘুচল। কিন্তু গেইল এবার এসেছেন মাত্র এক ম্যাচের জন্য। নিজেই জানালেন, ফাইনাল খেলবেন না। চলে যাচ্ছেন আজই। তবে ঢাকা গ্ল্যাডিয়েটরস আশাবাদী, ফাইনালে তাঁকে পাওয়া যাবে।শেষ পর্যন্ত ফাইনাল খেলুন আর না খেলুন, কালকের ম্যাচের দেনা-পাওনা গেইলের জন্যও পুরোই উশুল। এক ম্যাচের জন্য ঠিক কত টাকা পাচ্ছেন, সেটা জানা না গেলেও নিশ্চিতভাবেই নিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাস। ‘গত বিপিএলটা পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে এই সেঞ্চুরি আমাকে ফর্মে ফেরাতে পারে। আশা করি, এটা আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারব’—বলছিলেন গেইল।গেইল বনাম সোহাগ গাজীর লড়াইটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের গত হোম সিরিজ থেকেই। কালও প্রতিপক্ষ সিলেট রয়্যালসে ছিলেন সোহাগ এবং গেইলকে নতুন বলে প্রথম ওভারটা করেছেন তিনিই। কিন্তু সোহাগের সঙ্গে লড়াইয়ের আলোচনাটা গেইলের ঠিক পছন্দ নয়, ‘মানুষের মুখে একটাই কথা, গাজী! গাজী! গাজী! কিন্তু আমার তো মনে হয় বোলাররাই আমাকে বেশি ভয় পায়। গত সিরিজে গাজী আমাকে দু-তিনবার আউট করলেও আমি এর চেয়ে অনেক বড় স্পিনারদের খেলেছি। এটা সে রকমই একটা ব্যাপার। কাজেই আমাকে বারবার এ নিয়ে প্রশ্ন করার কিছু নেই।’১ রানের মধ্যে ২ উইকেট পড়ার পরও ঢাকা ১৯৭ পর্যন্ত গেছে গেইলের কারণেই। কঠিন এই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় বোলার ‘খুন’ করার কাজে গেইলই সর্বোত্তম! গেইলও বললেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি মাথা ঠান্ডা রাখি। তবে আজ (গতকাল) ঠিক করেছিলাম, রান রেটটাও বাড়িয়ে নেব। কয়েকটা ওভার পার করছিলাম, যাতে অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ভালো শুরু করতে পারে। চেষ্টা করেছি পোলার্ডের সঙ্গে ভালো একটা জুটি গড়ার।’১৯৮ তাড়া করে ৪ রানে হারলেও বিপিএলকে কাল সেরা ম্যাচটা উপহার দেওয়ার কৃতিত্ব লড়াকু সিলেট রয়্যালসেরও। এল্টন চিগুম্বুরার প্রেরণা এই লড়াই, ‘হারলেও আমরা ম্যাচটাকে ইতিবাচকভাবে নিতে চাই। ভালো ব্যাটিং করে আমরা ১৯৮-এর কাছাকাছি গিয়েছিলাম। আশা করি, পরের ম্যাচে আরও ভালো কিছু করব।’