সোহাগদের নতুন বোর্ডের অভিনন্দন

সোহাগ গাজীর হ্যাটট্রিক হয়ে গেছে ততক্ষণে। ২৫৬ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে শুরু করে দিয়েছেন তামিম ইকবাল-এনামুল হক। দেয়ালে ঝোলানো এলসিডি টেলিভিশনে যখন খেলার এই দৃশ্য, বিসিবি কার্যালয়ের অভ্যর্থনালয়ে ঠিক ওই সময়ই শুরু হলো নবনির্বাচিত বোর্ড সভাপতি নাজমুল হাসানের সংবাদ সম্মেলন।
বিসিবি সভাপতি তেমন নতুন কোনো কথা অবশ্য বলেননি। নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা হলেও সেটি ছিল পরিচয়পর্ব, সৌজন্য উপহার প্রদান আর কেক কাটার মধ্যে সীমাবদ্ধ। বিসিবি কার্যালয়ের প্রথমে বিদায়ী অস্থায়ী কমিটির সদস্যরা সভায় বসলেন, পরে সেখানে নতুনদের ডেকে ঘটানো হলো অভিষেক। এমন আনুষ্ঠানিকতা রক্ষার সভা শেষে বলার কীই-বা থাকে!
প্রথম বোর্ড সভার দিনে আসলে পরিচালকদের চোখ ছিল চট্টগ্রাম টেস্টের দিকেই। বাংলাদেশ দলের পারফরম্যান্সে দারুণ খুশি বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পুরো জাতির পক্ষ থেকেই ধন্যবাদ দিলেন দলকে, ‘বোর্ড সভাপতি নির্বাচন হওয়ার দিনই সোহাগ গাজী সেঞ্চুরি করেছে। একই টেস্টে হ্যাটট্রিক এবং সেঞ্চুরি বিরল ঘটনা। এর আগে মমিনুলও সেঞ্চুরি করেছে। আমি শুধু বোর্ড নয়, দেশবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। সোহাগের জন্য কী করব এখনো ঠিক করিনি, তবে কিছু তো করতেই হবে।’
টেস্ট উপলক্ষে আকরাম খান এবং আ জ ম নাসির চট্টগ্রামে ছিলেন। এ ছাড়া এনায়েত হোসেন, আফজালুর রহমান এবং শফিউল আলম চৌধুরী দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেননি সভায়। বাকি ২১ জনকে নিয়ে আলোচনা হয়েছে কেবল বিপিএল ফিক্সিংয়ের বিচারকাজ পরিচালনার জন্য ট্রাইব্যুনাল গঠন নিয়েই। তবে সে আলোচনা নিয়েও বেশি কিছু বলতে নারাজ নাজমুল হাসান, ‘ট্রাইব্যুনালের প্রধান কে হবেন, তা মোটামুটি চূড়ান্ত। আগামীকাল (আজ) আমরা নামটা আইসিসিকে পাঠাব। তখনই তাঁর নাম প্রকাশ করা হবে।’ স্পষ্ট করে বলেননি ট্রাইব্যুনাল গঠনে দেরি হওয়ার কারণটাও, ‘ট্রাইব্যুনালের প্রধান কে হবেন, সেটি ঠিক করতেই দেরি হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম...কোনো একটা কারণে তা হয়নি।’ তবে বোর্ড সভাপতি নিশ্চিত করেছেন, প্রথমে যাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত তিনি হচ্ছেন না ট্রাইব্যুনাল-প্রধান।
নাজমুল হাসান সভাপতি নির্বাচিত হয়ে যাওয়ায় তাঁর শূন্য পদে তাই আরেকজন পরিচালক দেবে এনএসসি। বিদায়ী অস্থায়ী কমিটির সদস্য গাজী আশরাফ হোসেনের সে পদে আসার গুঞ্জন শোনা গেলেও নাজমুল হাসান স্পষ্ট করে কিছু বললেন না। বিসিবির দুই সহসভাপতি কারা হচ্ছেন, কাল ঠিক হয়নি সেটিও। ঈদের পর পর অনুষ্ঠেয় বোর্ড সভায় এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।