সোহাগের অনন্য শতক, বাংলাদেশ ৫০১

নিউজিল্যান্ডের ছিলেন জন ওয়াটলিং; যিনি আটে নেমে চট্টগ্রাম টেস্টে করেছেন দারুণ এক শতক। বাংলাদেশ দলেও আছেন সোহাগ গাজী; যিনি সেই আট নম্বরেই প্রমাণ করলেন নিজের ব্যাটিং-ক্ষমতা। অসাধারণ এক সেঞ্চুরি করে তিনি নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়। ১৮২ বল খেলে ১০টি চার আর ৩টি ছয়ে সাজানো তাঁর ১০১ রানের ইনিংস বাংলাদেশকেও এনে দিয়েছে ৫০০ রানের কোটা ছোঁয়ার দারুণ এক উপলক্ষ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে তুলেছে ৫০১ রান। ৩২ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে কিউইরা।
রবিউল নিজেকে ট্রেন্ট বোল্টের সঙ্গে তুলনা করতেই পারেন। বোল্ট যেমন ওয়াটলিংকে দারুণ এক জুটিতে সঙ্গ দিয়ে নিউজিল্যান্ডকে পাহাড়ের চূড়ায় তুলেছিলেন, ঠিক তেমনি রবিউল সোহাগের সঙ্গী হয়ে বাংলাদেশকে সেই পাহাড় ডিঙাতে রাখলেন অসাধারণ ভূমিকা। ব্রেসওয়েলের বলে টেইলরের হাতে ধরা পড়ার আগে রবিউলের সংগ্রহ ৩৩ রান।
রুবেল হোসেন উইকেটে এসে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তবে গাজীর শতক পূরণে সহায়তাটা ঠিকই করেছেন। একটি চার মেরেও দলের সংগ্রহ ৫০০ পেরোতে রেখেছেন ভূমিকা। ইশ সোধির বলে রুবেল স্লিপে ম্যাককালামের হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের দীর্ঘ স্মরণীয় এক ইনিংস।
বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল খুব বাজে। মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে ফলোঅনের আশঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে মমিনুল হকের অনবদ্য ১৮১, মুশফিকুর রহিমের ৬৭ রানের সঙ্গে সোহাগ গাজীর অপরাজিত ১০১। কাল শেষ বিকেলে নাসির হোসেনের ৪৬ রানের ইনিংসটিকেও কম বলা যায় না। আজ সোহাগ গাজীর পাশাপাশি রবিউলের ৩৩ রান বাংলাদেশকে নিয়ে গেছে নিজের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহে।
কাল শেষ বিকেলে নাসির হোসেন আউট হয়ে যাওয়ার পর অনেকেরই আক্ষেপ ছিল—নিউজিল্যান্ডকে বোধ হয় ছোঁয়া হলো না! কিন্তু যাঁরা এভাবে ভেবেছিলেন, তাঁদের হয়তো সোহাগ গাজীর ব্যাটিং-ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ভিত্তিটা কালই তৈরি করে রেখেছিলেন। আজ চতুর্থ দিন সকালে সোহাগ যেন চট্টগ্রামে অবতীর্ণ হয়েছেন তাঁর ব্যাটিং-ক্ষমতার সবটুকু নিয়েই। কিউই বোলারদের নাকের জল-চোখের জল এক করে দেওয়া এই ইনিংসে ২৩২ মিনিটের এই ইনিংস যেন এক সার্থক টেস্ট ব্যাটসম্যানের প্রতিরূপ হয়ে এসেছে। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলার অভিজ্ঞতা তাঁর আছে। কিন্তু টেস্ট অভিষেক হওয়ার প্রায় এক বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর এই ইনিংস দিয়ে যেন নিজের ব্যাটসম্যান সত্তাকে নতুনভাবে আবিষ্কৃত করলেন সোহাগ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে