সোহাগের অন্য রকম ঈদ

খবরটা আগেই জানাজানি হয়ে গিয়েছিল। ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়া সোহাগ গাজী আসছেন নিজ বাসভূমে। গত সোমবার সন্ধ্যা থেকেই পটুয়াখালী লঞ্চঘাটে তাই ভক্ত-অনুরাগীদের ভিড়। রাত দুইটায় লঞ্চটা ঘাটে পৌঁছামাত্রই রাতের নিস্তব্ধতা ভেঙে ভক্ত-অনুরাগীরা ছুটে আসে সোহাগকে বরণ করে নিতে।
লঞ্চঘাটে ভক্ত-অনুরাগীদের উষ্ণ অভিনন্দনের জবাবে সোহাগ বলেন, ‘খেলা শেষে প্রেস কনফারেন্সেই প্রথম জানতে পারলাম রেকর্ড গড়ার কথা। নিঃসন্দেহে আনন্দ পেয়েছি। কিন্তু সবচেয়ে বেশি আনন্দিত আমি জন্মভূমি পটুয়াখালীর মানুষের ভালোবাসা পেয়ে। তাদের আন্তরিকতায় আমি অভিভূত। এ স্মৃতি কোনো দিনই ভুলব না।’
সোহাগের আগমন উপলক্ষে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় প্রীতি ক্রিকেট ম্যাচের। সোহাগ মঙ্গলবার সকালে আসেন এই মাঠে। নেমে পড়েন ব্যাট হাতে। বল তুলে দেন খুদে বোলারদের হাতে। মাঠভর্তি দর্শক তখন মুহুর্মুহু করতালিতে তাঁকে অভিনন্দন জানায়।
খেলা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালীর ক্রিকেট অঙ্গন নিয়ে খোলামেলা আলোচনায় সোহাগ বলেন, সম্ভাবনাময় অনেক ক্রিকেটার এখানে আছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ পেলে এদের অনেকেই ভালো করবে। জেলার ক্রিকেটের উন্নয়নে একটি ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন সোহাগ।
ঈদের দিন সকালে এই প্রতিবেদক সোহাগ গাজীর বাড়িতে যান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকসহ ছয় উইকেট পাওয়ায় তাঁর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। গাজী পরিবারের কাছে এবারের ঈদটা তাই ছিল একটু বেশি আনন্দের। বাবা শাহজাহান গাজী ও মা হাসিনা বেগমের মুখে ছিল আনন্দের ঝিলিক। বড় ভাই শাহীন গাজী ও একমাত্র বোন শাহনাজকেও খুব উৎফুল্ল দেখাচ্ছিল।
ঈদের নামাজ পড়ে সোহাগ পটুয়াখালী শহরের কলাতলায় নিজ বাড়িতে এসে দেখেন ভক্ত-অনুরাগীদের ভিড়। সোহাগ গাজীকে ঈদের দিন রাতে আরামবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পরদিন তাঁর নিজ এলাকার কলাবাগান ক্রীড়া চক্র সংবর্ধনা দেয়। পৌরসভা মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন দেয় গণসংবর্ধনা।
ক্রিকেটকে ঘিরেই এখন সোহাগের যত স্বপ্ন। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখতে সব মেধা ও শ্রম বিনিয়োগে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।