
আলো ঝলমলে মঞ্চে তাঁর নাম ঘোষণা করলেন সাফ গেমসে সোনাজয়ী সাঁতারু রুবেল রানা। মিলনায়তনের দর্শকেরা ততক্ষণে ঘাড় ঘুরিয়ে এদিক-ওদিক খুঁজতে শুরু করেছেন তাঁকে। কিন্তু কোথায় তিনি? নেই তো!
সোহাগ গাজীকে খুঁজে না পাওয়ার কারণটা পরে জানালেন অনুষ্ঠানের উপস্থাপক। হঠাৎ করেই বড় ভাই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তাই আসতে পারেননি অনুষ্ঠানে। নিজে উপস্থিত থেকে গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপের পুরস্কারটাও নিতে পারেননি।
আসতে পারেননি, তবে পুরস্কার পাওয়ার খবরটা জেনে গেছেন সঙ্গে সঙ্গেই। উচ্ছ্বসিত তো বটেই, একই সঙ্গে অনুষ্ঠানে না আসতে পারার আক্ষেপটা যেন আরও বেড়ে গেল এ অফ স্পিনারের, ‘ভাবিনি পুরস্কার পাব। এটা আমার প্রথম পুরস্কার, তাই খুবই ভালো লাগছে। তবে নিজে উপস্থিত থেকে নিতে পারলে আরও ভালো লাগত।’
গত কিছুদিনের পারফরম্যান্স দেখলে অবশ্য সোহাগের হাতে এ পুরস্কার অনেকের কপালেই প্রশ্নের ভাঁজ ফেলে দেবে। বাংলাদেশ দলের মতো এখনো সোহাগেরও দুঃসময়। বলের সেই আগের ধার নেই। নেই ব্যাট হাতেও বলার মতো কোনো পারফরম্যান্স। তবে পুরস্কারটা দেওয়া হচ্ছে গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবং ২০১৩ সালে তিনিই ছিলেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার। ৬ টেস্টে ২২ উইকেট, গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। একই টেস্টে কারও সেঞ্চুরি ও হ্যাটট্রিকও সেই প্রথম দেখেছিল টেস্ট ক্রিকেট। এ ছাড়া গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০ ম্যাচে আছে আরও ১০টি উইকেট। সব মিলিয়ে গত বছর দেশের হয়ে ১৬ ম্যাচে ৩২ উইকেট, বাংলাদেশি বোলারদের মধ্যে এটাও সেরা। ব্যাট হাতে পারফরম্যান্সটা যদি আরেকটু উজ্জ্বল হতো, রানারআপ নয়, হয়তো সেরা ক্রীড়াবিদের পুরস্কারটাই পেয়ে যেতেন।
সেই স্বপ্নটা অবশ্য এখনই উঁকিঝুঁকি মারছে সোহাগের মনে, ‘কেউ কি আর রানারআপ হয়ে থাকতে চায়? এবার রানারআপ হয়েছি, চাইব পরেরবার যাতে সেরা ক্রীড়াবিদই হতে পারি।’ সে স্বপ্নপূরণের পথে এই পুরস্কারটাও যে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে জানালেন সেটাও, ‘এখন মনে হচ্ছে অনেক দায়িত্ব বেড়ে গেছে। চেষ্টা করব এটা মাথায় রেখে আরও ভালো পারফর্ম করতে।’
কথাটা যদি রাখতে পারেন সোহাগ, সেটাই হবে গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বড় সার্থকতা।