সোহাগের হ্যাটট্রিক, বাংলাদেশের লক্ষ্য ২৫৬

টেস্ট ক্রিকেটের ইতিহাসে হ্যাটট্রিক-কৃতিত্বের অধিকারী মাত্র ৪০জন ক্রিকেটার। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চল্লিশতম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের তালিকায় নিজের নাম খোদাই করে নিলেন সোহাগ গাজী। একই টেস্টে সেঞ্চুরি আর হ্যাটট্রিক করার কৃতিত্বের তালিকাটা অবশ্য আজই খুললেন সোহাগ। টেস্টের ইতিহাসে আর কোনো ক্রিকেটারেরই এক ম্যাচে সেঞ্চুরি আর হ্যাটট্রিক করার কৃতিত্ব নেই। তবে বাংলাদেশের পক্ষে এক টেস্টে পাঁচ উইকেট নেওয়া এবং সেঞ্চুরি করা ক্রিকেটার হিসেবে তিনি দ্বিতীয়। সাকিব আল হাসান এর আগে একই টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন।
হ্যাটট্রিকের এলিট ক্লাবে অবশ্য তিনিই একমাত্র বাংলাদেশি নন। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে অলোক কাপালি এই অনন্য কৃতিত্বের সঙ্গে বাংলাদেশের নামটি জড়িয়েছিলেন প্রথমবারের মতো। তাঁর হ্যাটট্রিকের কল্যাণেই কিনা ইনিংসটিকে আর বেশিদূর এগিয়ে নিয়ে গেল না নিউজিল্যান্ড। সাত উইকেটে ২৮৭ রান করে ইনিংসের ঘোষণাটা দিয়ে দিয়েছে তারা। চট্টগ্রাম টেস্ট জিততে ৪৬ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২৫৬ রান।
আজ গাজী আজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট। বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের তালিকায় অবশ্য সোহাগের অবস্থান ষষ্ঠ। ৭৪ রানে ৬ উইকেট অবশ্য তাঁর ক্যারিয়ারেরই সেরা বোলিং পরিসংখ্যান। নিউজিল্যান্ডের পতন ঘটা অপর উইকেটটি নাসির হোসেনের।
এই প্রতিবেদন লেখার সময় ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। পাঁচ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২ রান। তামিম ১০ আর এনামুল ২ রান নিয়ে ব্যাট করছে। দিনের বাকী সময়ে জয়ের লক্ষ্যে ছোটাটা অসম্ভব যেহেতু, সেহেতু ড্র’টাকেই মনে হচ্ছে আসন্ন। তবে এজন্য ব্যাটসম্যানদের মাথা ঠান্ডা রাখাটাও খুব জরুরি।