সোয়ান একাই তো এক শ!
বাংলাদেশের সেরা একাদশে চারজন স্পিনার, ইংল্যান্ডের সে সুযোগ কোথায়, ১৬ জনের দলে স্পিনারই যে মোটে দুজন! গ্রায়েম সোয়ানের জায়গা তো পাকাই, প্রস্তুতি ম্যাচে ৮ উইকেট নেওয়ার পর নিশ্চিত ধরে নেওয়া হলো জেমস ট্রেডওয়েলেরও অভিষেক হচ্ছে। সম্ভাব্য অভিষিক্তের সঙ্গে কথা বলার জন্য টেস্টের আগের দিন ইংলিশ সাংবাদিকদের সে কি তত্পরতা! পরদিন দেখা গেল তিনি একাদশেই নেই। কারণটা ইংলিশরা মুখে বলেছে তিন পেসার খেলানো, কিন্তু আসলে যেন বোঝাতে চেয়েছে, ‘সোয়ান আছে না! ও একাই যথেষ্ট।’আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন সোয়ান! বাংলাদেশের চার স্পিনার মিলে ১০০ ওভারেরও বেশি বোলিং করে নিয়েছেন ৫ উইকেট, আর সোয়ান একাই ৫ উইকেট। তিনটিই অবশ্য নিয়েছিলেন আগের দিন। বলটা চকচকে থাকতেই (দ্বাদশ ওভারে) সোয়ানের হাতে তুলে দিয়েছিলেন কুক, তৃতীয় বলেই আউট আফতাব আহমেদ। বাংলাদেশকে আশা দেখানো তামিম-মাহমুদউল্লাহর ৯৪ রানের জুটিটার মৃত্যুও তাঁর বলে। আর দিনের খেলার দশ বল বাকি থাকতে সাকিবকে আউট করে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন খাদের কিনারায়। দ্বিতীয় দিনের বোলিংয়েই যে এসেছে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট, স্বীকার করেছেন সোয়ানও, ‘কালকের (পরশুর) তিনটি উইকেটই আমাকে অনেকটা এগিয়ে রেখেছিল, আজ অনেক কষ্ট করতে হয়েছে।’ প্রথম ওভারে উইকেট নেওয়াটাকে সোয়ান রীতিমতো অভ্যাসই বানিয়ে ফেলেছেন। সেই অভিষেক টেস্ট থেকেই শুরু। প্রথম ওভারেই নিয়েছিলেন গৌতম গম্ভীর ও রাহুল দ্রাবিড়ের উইকেট। এরপর সোয়ানের ‘প্রথম ওভার কীর্তি’ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে পরিসংখ্যানের আলোয়। এখনো পর্যন্ত ৭৩০ ওভার বোলিং করে ৭৪ উইকেট, গড়ে ৫৯ বলে এক উইকেট, একজন স্পিনারের জন্য যেকোনো বিচারেই দুর্দান্ত। যদি বিবেচনায় নেওয়া হয় শুধুই প্রথম ওভার, এই দুর্দান্ত স্ট্রাইক রেটটাই হয়ে যাচ্ছে আরও অসাধারণ, ৩২.৪০। একটু বাড়িয়ে যদি ধরা হয় প্রথম তিন ওভার, স্ট্রাইক রেট ৩৩.৪২। এমনিই কি আর দ্বিতীয় দিন শেষে পল কলিংউড বলেছিলেন, ‘আমাদের উচিত ওকে একবার বোলিং করিয়ে আবার ১০ ওভার পর আনা, এরপর আবার ১০ ওভার পর...।’ তাঁকে যে সব সময় রোদচশমা পড়ে বোলিং করতে দেখেন, এটাও কিন্তু ওই প্রথম ওভার কীর্তির জন্যই। তাঁর মুখেই শুনুন রহস্য, ‘কুসংস্কারে আমি বড় বেশি বিশ্বাস করি। টেস্ট ক্রিকেটে আমার প্রথম ওভারে সানগ্লাস পরে দুই উইকেট নিয়েছিলাম, এরপর থেকে গ্লাস পরেই বোলিং করি।’কাল অবশ্য সোয়ানসহ সব ইংলিশ বোলারকেই একটু ভুগিয়েছে মুশফিক-নাঈম জুটি। নাঈম রানআউট ‘উপহার’ দেওয়ার পর অবশ্য স্বরূপে সোয়ান, তিন বলের মধ্যে মুড়ে দিয়েছেন বাংলাদেশের লেজ। তাঁর ওপর নির্ভরতায় যাঁকে শেষ মুহূর্তে হতাশ হতে হয়েছে, সেই ট্রেডওয়েলের অসাধারণ এক ক্যাচের সৌজন্যে চতুর্থ উইকেট। এক বল পরই তাঁর হাত থেকে যে বলটি বের হলো, তাতে বোকা বনে যান অনেক নিখাদ ব্যাটসম্যানও, ১১ নম্বরে নামা রুবেল হোসেন আর কী করবেন! তবে প্রথমে ব্যাটিংয়ে পরে বোলিংয়ে কালকের বাংলাদেশ সোয়ানদের অন্তত এই উপলব্ধিটা দিতে পেরেছে যে, জিততে হলে একটু কষ্ট অন্তত করতে হবে, ‘বাংলাদেশ আজকে অনেক ভালো ব্যাটিং করেছে। দেখিয়ে দিয়েছে ১০টা উইকেট নেওয়া এতটা সহজ নয়, এ জন্য কষ্ট করতে হবে। অষ্টম উইকেটের প্রতিরোধে অবাক হইনি, ওয়ানডেতেই দেখেছি ওদের বেশ কয়েকজন ভালো মানের ব্যাটসম্যান আছে।’সম্মান দেখিয়েছেন, আবার চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে স্বস্তি দেবেন না, এই হুমকিও দিয়েছেন। হুমকিতে ভয় পাওয়ার কারণও আছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনাররা এর মধ্যেই ৫ উইকেট নিয়েছেন, প্রথম ইনিংসের মতো এবারও সোয়ান একাই তাঁদের সমান উইকেট নেবেন না, কে বলতে পারে!