সোয়ানের অবাক অবসর

পেশাদারির শৃঙ্খলিত খাঁচার এই যুগে তিনি ছিলেন একঝলক মুক্ত হাওয়া। সতীর্থরা মজা করে বলতেন ‘জোকার’। বিরল এক চরিত্র, প্রবল ছিল রসবোধ। ‘ছিল’ বলতে হচ্ছে, চমকে দেওয়া খবর এটিই। আধুনিক অফ স্পিনারদের মতো ক্যারম বল বা দুসরায় নির্ভরতা ছিল না তাঁর। কিন্তু ক্যারিয়ার নিয়েই অবাক এক দুসরা দেখালেন গ্রায়েম সোয়ান। অ্যাশেজের মাঝপথে আচমকাই বিদায় বলে দিলেন সব ধরনের ক্রিকেটকে। কাল মেলবোর্নে সংবাদ সম্মেলনে কোনোরকম পূর্বাভাস ছাড়াই এই বোমা ফাটালেন ইংল্যান্ডের সফলতম অফ স্পিনার।
২০০৬-০৭ অ্যাশেজের মাঝপথে এভাবে আচমকা বিদায় নিয়েছিলেন ডেমিয়েন মার্টিন। একটি ক্যাচ গ্লাভসছাড়া হওয়ামাত্রই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সিরিজের মাঝপথে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, বিদায় নিয়েছিলেন অনিল কুম্বলে। এই সাম্প্রতিক অতীতকে মনে রেখেও সোয়ানের অবসরকে বলা যায় বিশাল এক চমক। ৩৪ বছর বয়স এমনিতেই স্পিনারদের জন্য খুব বেশি নয়। আর চলতি অ্যাশেজে খুব একটা সুবিধা করতে না পারলেও দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি এতটুকুও। স্পিনে তাঁর ধারেকাছেও তো এখনো ইংল্যান্ডে কেউ নেই!
ম্যাচসংখ্যায় অ্যাশেজ এখনো মাঝপথে হলেও ভাগ্য নির্ধারিত হয়ে গেছে সিরিজের। সোয়ান মাঝপথে বিদায় নেওয়ার কারণ বললেন এটিকেই, ‘পার্থ টেস্টের শেষে...সত্যি বলতে টেস্টের মাঝপথেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। সফরে আসার আগেই অনেকটা ভেবে রেখেছিলাম, এটাই হয়তো ইংল্যান্ডের হয়ে আমার শেষ সফর। গতবারের মতো এবারও খুব করে চাইছিলাম এখানে অ্যাশেজ জিততে। কিন্তু তিন টেস্টেই যেহেতু অ্যাশেজ শেষ, স্বার্থপরের মতো স্রেফ বক্সিংডে টেস্ট ও আরেকটি সিডনি টেস্ট খেলার জন্য থেকে যাওয়া ভুল হবে। মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলার পর আর ঝুলে থাকার মানে হয় না।’
২০০৮ সালের ডিসেম্বরে ২৯ বছর বয়সে টেস্ট অভিষেক সোয়ানের। মাত্র ৫ বছরের ক্যারিয়ারেই তিনি ইংল্যান্ডের ষষ্ঠ সফলতম বোলার। ইংলিশ স্পিনারদের মধ্যে সোয়ানের ২৫৫ উইকেটের চেয়ে বেশি পেয়েছেন কেবল বাঁহাতি স্পিনার ডেরেক আন্ডারউড (২৯৭)। ১৯৮২ সালে আন্ডারউডের অবসরের পর সোয়ানের মধ্যেই প্রথম ম্যাচ জেতানোর মতো স্পিনার পায় ইংল্যান্ড। অভিষেকের পর থেকে ক্রিকেট-বিশ্ব মিলিয়েই সবচেয়ে বেশি টেস্ট উইকেট সোয়ানের, এই সময়ে টেস্টে সবচেয়ে বেশিবার ম্যাচসেরাও তিনি (৬ বার)। টানা তিনটি অ্যাশেজ, ২৮ বছর পর ভারতের মাটিতে সিরিজ জয়ে ছিল তাঁর বড় ভূমিকা। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন যথার্থই বলছেন, ‘গত ২০ বছরে সব ইংলিশ ক্রিকেটারের মধ্যে ওর অভাবই দল সবচেয়ে বেশি বোধ করবে। ওর মতো স্পিনার বিরলপ্রজ।’
এবারের অ্যাশেজটি অবশ্য ভালো কাটেনি একদমই, ৭ উইকেট নিয়েছেন ৮০ গড়ে। তবে বাস্তবতা হলো, তাঁর বিকল্পও নেই। দলের অবিসংবাদিত প্রথম পছন্দ ছিলেন সোয়ানই, অনায়াসেই খেলতে পারতেন আরও বেশ কিছুদিন। তাঁর শূন্যতা পূরণ সহজ হবে না ইংল্যান্ডের জন্য। আর ক্রিকেট-বিশ্ব মিস করবে দারুণ এক চরিত্রকে। বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনটাও ছিল রসবোধ আর কৌতুকে ভরা। উত্তরসূরি প্রশ্নে লেগ স্পিনার স্কট বর্থউইকের নাম বলে যেমন বললেন, ‘যদিও সে ইংল্যান্ডের সবচেয়ে বাজে দুই ক্লাব ম্যান সিটি ও সান্ডারল্যান্ডের সমর্থক, তবে ছেলে ভালো!’ ওয়েবসাইট।
গ্রায়েম সোয়ানের ক্যারিয়ার
ম্যাচ উইকেট সেরা গড় ৫/১০
টেস্ট ৬০ ২৫৫ ৬/৬৫ ২৯.৯৬ ১৭/৩
ওয়ানডে ৭৯ ১০৪ ৫/২৮ ২৭.৭৬ ১/০
টি-টোয়েন্টি ৩৯ ৫১ ৩/১৩ ১৬.৮৪ ০/০