সোয়ানের লক্ষ্য উপমহাদেশ জয়
ভারতের বিপক্ষে ওভাল টেস্ট বাদ দিলে গ্রীষ্মের সময়টা বলতে গেলে এবার বসে বসেই কাটিয়েছেন গ্রায়েম সোয়ান। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সতীর্থ পেসারদের হাতে ভারতীয় ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়া দেখা ছাড়া করার ছিল না তেমন কিছু। সেই সোয়ান ওভাল টেস্টে পুরোই অন্য রকম। আগের তিন টেস্টে যেখানে নিয়েছেন ৪ উইকেট, এই এক টেস্টেই সোয়ান নেন ৯ উইকেট!সানডে মিররকে সোয়ান নিজেও বলেছেন, ‘এই গ্রীষ্মে বলতে গেলে কিছুই করিনি। ওভালের ম্যাচটা বাদ দিলে আমি সবচেয়ে আরামে কাটিয়েছি এই গ্রীষ্মটাই। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি—জিমি অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট, স্টুয়ার্ট ব্রডরা সব উইকেট নিয়ে যাচ্ছে।’ওভাল টেস্টের বোলিং আত্মবিশ্বাসী করে তুলেছে সোয়ানকে। এখন উপমহাদেশের স্পিন কন্ডিশনেও জ্বলে উঠতে চান এই ইংলিশ অফ স্পিনার। সোয়ানের চোখে শ্রীলঙ্কাই হলো উপমহাদেশের মধ্যে স্পিনারদের জন্য সবচেয়ে কঠিন জায়গা এবং এ নিয়ে তাঁর কোনো সন্দেহই নেই যে বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ড যদি আধিপত্য করতে চায় তাহলে উপমহাদেশে তাদের ভালো করতে হবে। ‘শ্রীলঙ্কায় একজন স্পিনারকেই যত গাধার খাটুনি খাটতে হয়। সিমাররা এটি করতে পারে না। ৪-৫ ওভার পরেই তাদের শক্তি শেষ হয়ে যায়। কারণটা হলো তাপ। শ্রীলঙ্কায় উইকেট পাওয়া সবচেয়ে কঠিন; কিন্তু আমি জানি, আমি সেখানে পারব’—বলেছেন সোয়ান। অক্টোবরের ভারত সফরে যে ইংল্যান্ডের অন্যতম বোলিং অস্ত্র হয়ে উঠবেন নিজেই, সেটাও বেশ বুঝতে পারছেন সোয়ান, ‘আমি জানি, উপমহাদেশে মূল বোলিং অস্ত্র হিসেবে বিবেচিত হব আমিই। আমার কাছে উইকেটও চাইবে দল। পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে এবং শ্রীলঙ্কা ও ভারতেও আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’ ওয়েবসাইট।