সৌদি মেয়েদের জন্য সুখবর
শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেদের মতো খেলাধুলা করতে পারবে মেয়েরাও। দীর্ঘদিন ধরে সৌদি আরবের মেয়েদের কাছে এটা হয়তো অকল্পনীয়ই ছিল। তবে সাম্প্রতিক কালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো শুরা কাউন্সিলের প্রস্তাব সম্ভাবনা জাগিয়েছে সেই অকল্পনীয় ব্যাপারটাই বাস্তবে রূপ নেওয়ার। মেয়েদের খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
প্রস্তাবটা পাস হয়নি এখনো। তবে দেশের নীতিনির্ধারণে সৌদি শুরা কাউন্সিলের যে প্রভাব, তাতে এটি শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। এ জন্য কিছুটা কৃতিত্ব আছে আইওসি সভাপতি টমাস বাখেরেরও। গত সপ্তাহে সৌদি আরব সফরের সময়ই তিনি প্রসঙ্গটা তুলেছিলেন। আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস জানিয়েছেন, ‘বাখেরের সফরের সময় স্থানীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকেও খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কিছু রূপরেখা দেখানো হয়েছিল। আইওসি তাতে সর্বাত্মক সমর্থন দিয়েছে।’
গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হলেও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি এখনো নিষিদ্ধই হয়ে আছে। এএফপি।