৬৩ ভাগ বল দখলে রাখা, গোলে ২৪টি শট, ২২টি ফ্রি-কিক আর ১২টি কর্নার—সম্মিলিত ফলাফল ‘শূন্য’। আর পুরো ম্যাচে দুটি সুযোগ পেয়ে একটি কাজে লাগিয়েই জিতে গেল প্রতিপক্ষ। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ম্যাচের সারমর্ম এটি? এখনো পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন, স্পেন-সুইজারল্যান্ড ম্যাচ। চার বছর ধরে প্রায় অপ্রতিরোধ্য দলটি বড়সড় হোঁচট খেয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। শুরুতে বলা ম্যাচের ময়নাতদন্ত থেকেই পরিষ্কার স্পেন খেলেছে তাদের মতোই। ফুটবল তার সব সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে স্প্যানিশদের পায়ে। কিন্তু গোলের খেলা ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিই যে তারা করতে পারল না! কঠিন বাস্তবতায় ‘লা ফুরিয়া রোজা’রা কি তবে নিজেদের ফুটবল-দর্শন থেকে ফিরে আসবে? খেলবে ফলাফলনির্ভর খেলা? পেশাদারির এই যুগে সবাই তো তা-ই করছে। ব্রাজিলের ‘জোগো বনিতো’ উধাও হয়ে গেছে অনেক দিন, হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক পরশু অনায়াসে বলে দিলেন, ‘জয়ের জন্য কুৎসিত ফুটবল খেলতে একটুও আপত্তি নেই!’ফুটবলের সৌন্দর্যপ্রেমীরা আশ্বস্ত হতে পারেন, এই দলে যোগ দিচ্ছে না স্পেন। হন্ডুরাসের বিপক্ষে আজকের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ফার্নান্দো তোরেস জানিয়ে দিয়েছেন খেলার ধরন নিয়ে স্পেনের ভবিষ্যৎ চিন্তাভাবনা, ‘যদি আবারও ব্যর্থ হই, তবুও আমরা আমাদের স্টাইলেই খেলব। অস্থির হয়ে হঠাৎ সবকিছু ওলটপালট করে তে লাভ নেই, বরং আমাদের স্টাইল ও সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। এভাবে খেলেই আমরা ম্যাচের পর ম্যাচ জিতেছি, এভাবে খেলেই আমরা ফেবারিটের মর্যাদা পেয়েছি।’ এই স্ট্রাইকার কিন্তু ভুল বলেননি, সুইজারল্যান্ডের বিপক্ষে পরাজয়টি ছিল সর্বশেষ ৪৯ ম্যাচে স্পেনের মাত্র দ্বিতীয়। বাছাইপর্বে ১০ ম্যাচের সবগুলোই জিতেছে তারা গড়ে ৩ গোল করে। কিন্তু সৌন্দর্যের সঙ্গে আপস কখনো করেনি।তবে এভাবে খেলে ফলাফল এসেছে বলেই নয়, যে মানের ফুটবলার স্পেনের আছে তাতে ধরন পাল্টানোর প্রয়োজনই দেখছেন না তোরেস, ‘আমরা কখনোই লং পাস খেলব না, নিচে নেমে খেলব না। আমরা বল নিয়ে খেলতে ভালোবাসি। দলে জাভি, ফ্যাব্রিগাস, আলোনসো, বুসকেটসদের মতো ফুটবলার থাকা সত্ত্বেও যদি বল পায়ে না থাকে, তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে।’ খেলার ধরনের জন্য নয়, তোরেসের মতে স্পেনের হারের কারণ সুযোগ কাজে লাগাতে পারার ব্যর্থতা, ‘আমরা জানতাম ওরা অনেক নিচে নেমে খেলবে। আমরা আমাদের পরিকল্পনামতোই খেলেছি, অনেক ফাঁক বের করেছি। কিন্তু গোলটা করতে পারিনি। হেরেছি এ জন্যই।’ সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেনের গোল না পাওয়াটাই সবাইকে অবাক করেছে সবচেয়ে বেশি। বিশ্বকাপের আগের এক বছরে খেলা ১৭ ম্যাচে তারা গোল করেছিল ৫৪টি, এক ম্যাচে ৫ গোল করেছে চারবার, দুবার ৬ গোল।স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য সুইজারল্যান্ড ম্যাচের পরাজয়েও দেখছেন একটা ইতিবাচক দিক, ‘কোনো টুর্নামেন্টের শেষে গিয়ে হারার চেয়ে শুরুতে হারা ভালো। আমি ছেলেদের বলেছি, আমাদের এখন টানা ছয় ম্যাচ জিততে হবে। পেছনে তাকিয়ে কোনো লাভ নেই, দৃষ্টি রাখতে হবে সামনে।’ দলের রিজার্ভ গোলকিপার পেনে রেইনা এই পরাজয়কে দেখছেন জেগে ওঠার ডাক হিসেবে, ‘হয়তো এই হার আমাদের জন্য ভালোই হয়েছে, এখন আমাদের আরও মনোযোগী হতে হবে, পরের ম্যাচগুলোতে বাড়তি কিছু করতে হবে।’ডিফেন্ডার রাউল আলবিওল এই পরাজয়কে দেখছেন একটি শিক্ষা হিসেবে, ‘ওই ম্যাচ প্রমাণ করেছে সহজ ম্যাচ বলে কিছু নেই, বিশ্বকাপে সব দলই কঠিন। তবে আমরা বিশ্বাস হারাচ্ছি না।’ জাভি আলোনসো অবশ্য সরাসরি কিছু বলেননি, মাঠেই জবাব দিতে চান এই মিডফিল্ডার, ‘মুখে বলে তো লাভ নেই, সবকিছু নির্ধারিত হয় মাঠে। সবার সমালোচনা আর আশঙ্কার জবাব আমরা মাঠেই দেব।’ ওয়েবসাইট।