একই দিনে ভাগ্যের দুটি পিঠই দেখল দুই দল। মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে শেখ রাসেল পেল ভাগ্যের ছোঁয়া। বিজেএমসিকে বঞ্চিত করল সেই ভাগ্যই। মোহামেডানের সঙ্গে দুর্দান্ত খেলেও ১-১ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের।ভাগ্যটা আসলে কারও না কারও হাত ধরেই আসে। আবার ভাগ্যবিড়ম্বনার পেছনেও থাকেন কোনো বিশেষ খেলোয়াড়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি গতিময় ম্যাচে এই দৃশ্যাবলি বারবার ঘুরেফিরে এসেছে। মোহামেডান-বিজেএমসি ম্যাচটা অবশ্য সব ছাপিয়ে হয়ে ওঠে দারুণ উপভোগ্য।শেখ রাসেল জিতল তিন ম্যাচ পর মাঠে ফেরা উইঙ্গার জাহিদ হোসেনের হাত ধরে। ফেডারেশন কাপের সেমিফাইনালে লাল কার্ড দেখে বহিষ্কৃত ছিলেন ওই তিন ম্যাচ। ফিরেই সুযোগসন্ধানী গোলে জেতালেন দলকে।ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জাহিদ বললেন, ‘না, তিন ম্যাচ খেলতে পারিনি বলে কোনো আফসোস নেই।’ পরে অবশ্য সংশোধন করলেন, ‘মাঠের বাইরে তিন ম্যাচ থাকা একটু কষ্টকর।’ তবে প্রথম উত্তরটা শুনে পাশে বসা কোচ মারুফুল হক হাসি লুকাতে পারলেন না।তবে, ওই হাসির আড়ালে মারুফের চোখেমুখে স্বস্তির আভাই ছিল। স্বস্তি এ জন্য, বিজেএমসিকে হারিয়ে লিগ শুরু করে গত ম্যাচটা মোহামেডানের কাছে ৩-১ গোলে হেরে গেছে ফেড কাপ চ্যাম্পিয়ন রাসেল। ফেড কাপের রাসেলের সেই ‘সুন্দর ফুটবল’ আশ্চর্যজনকভাবে উধাও।সম্ভাব্য কারণ এক, ফেডারেশন কাপ জিতে খেলোয়াড়দের মধ্যে একটু আত্মতুষ্টি এসে গেছে। দুই, ফেড কাপে ৪-২-৩-১ ফর্মেশন বদলে এখন রাসেল খেলছে ৪-৪-২ পদ্ধতিতে। কোচের নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না খেলোয়াড়েরা। মামুনুল, এমিলি, সনি নর্দেরা ফেড কাপে যতটা ক্ষুরধার ছিলেন, ঠিক সেভাবে খেলতে পারছেন না লিগে।কাল তো ‘৩ পয়েন্ট নিশ্চিত কর’ মন্ত্রই কানে জপে দেন কোচ মারুফুল। তিনটি পয়েন্টই এসেছে। সেটি মুক্তিযোদ্ধার বড় এক ভুলের ফসল। মুক্তিযোদ্ধা স্ট্রাইকার কাঞ্চন এদিন মিডফিল্ডারের ভূমিকায় নেমে রক্ষণেও বেশ সাহায্য করছিলেন। ৩৩ মিনিটে কাঞ্চন বক্সে আলতো হেডে বল ব্যাক পাস করতে যান গোলরক্ষক জিয়াকে। বলটা জিয়ার কাছে যায়নি, দুজনের ভুল বোঝাবুঝির সুযোগ নেন জাহিদ। তাঁর আলতো টোকায় ১-০।দ্বিতীয়ার্থে রাসেলকে বেশ কয়েকবার চেপে ধরেও গোল পায়নি মুক্তি। ভাগ্য সহায় ছিল না। তবে শুরুর দিকে খানিকটা রক্ষণাত্মকই মনে হয়েছে মুক্তিযোদ্ধাকে, রক্ষণে তাদের সাত-আটজন ছিলই। আসলে তিন ডিফেন্ডার নিয়ে নামা মুক্তিযোদ্ধার ডিফেন্সে লোক বেশি ছিল, গোটা দলই একসঙ্গে ডিফেন্স সামলানোর কাজ করে যাওয়ায়।ওদিকে মোহামেডানের বিপক্ষে বিজেএমসির জিততে না পারা ‘একেই বলে ভাগ্য’ ছাড়া আর কিছু বলার নেই। ৬৭ মিনিটে গোল পাওয়া পর্যন্ত বিজেএমসির আক্রমণই বেশি ছিল। আবুলের কর্নারে ইসমাইল বাঙ্গুরার আলতো টোকায় তাদের এগিয়ে যাওয়া। পরপরই ফয়সাল ২-০ করার সুবর্ণ সুযোগ হারান। মোহামেডান গোলরক্ষক মামুন খান পোস্টে ছিলেন না, তবু ফয়সাল মারলেন বারের ওপর দিয়ে। অবিশ্বাস্য!অন্তত পাঁচ-ছয় গোলে জিততে পারত বিজেএমসি। মোহামেডান গোলরক্ষক মামুন খান সেভ করেছেন বার তিনেক, একবার বল লেগেছে বারে। মোহামেডানকে শেষ পর্যন্ত একটা পয়েন্ট এনে দেন হ্যাটট্রিক দিয়ে লিগ শুরু করা ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন। অতিরিক্ত সময়ে তাঁর কোনাকুনি বাঁ পায়ের শটে ১-১। গোলটা দর্শকদের চোখে লেগে থাকবে অনেক দিন।মোহামেডান পয়েন্ট পাওয়ার আনন্দে ঘরে ফিরল। কিন্তু জিততে না পারার দুঃখ সঙ্গী হলো বিজেএমসির।