সৌম্যর সেঞ্চুরি, বাঁচল একাডেমি
আশঙ্কাটাই সত্যি হলো। প্রথম ইনিংসে এক কাইল হোপের সমান রানই করতে পারল না বিসিবি একাডেমি। ফল অবধারিত ফলোঅন। তবে বাগে পেয়েও একাডেমি দলকে হারাতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল। দ্বিতীয় ইনিংসে একাডেমির ৯ উইকেট তুলে নিয়েও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সৌম্য সরকারই মূলত সফরকারীদের হতাশায় ডুবিয়েছেন। সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ১১৮ রান করার পথে দ্বিতীয় উইকেটে এনামুল হকের (৪৮) সঙ্গে ১০৩ রান যোগ করেছেন সৌম্য। একাডেমির দ্বিতীয় ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। ২১২ রানেই ৯ উইকেট খোয়ানো বিসিবিকে বাঁচিয়েছে নাজমুল (৪*) ও কামরুল (৪*)। ৪ ওভার অবিচ্ছিন্ন ছিলেন শেষ এই জুটি। হাইপারফরম্যান্সের লেগ স্পিনার ইয়ানিক কারিয়া ৭৯ রানে নিয়েছেন ৫ উইকেট। আগের দিনের ৭ উইকেটে ১৮৪ রান নিয়ে দিন শুরু করা একাডেমি কাল প্রথম ইনিংসে অলআউট হয় ১৯৯ রানে। ৩৬ রানে ৩ উইকেট, এই ইনিংসেও সেরা বোলার কারিয়া। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ এইচপি ১ম ইনিংস: ৫৩৪/৯ (ডি.)। বিসিবি একাডেমি ১ম ইনিংস: ১৯৯ (মাহমুদুল ৪৬, মমিনুল ৩২, এনামুল ২৬; কারিয়া ৩/৩৬, ভীরাসামি ৩/৭১, ব্রাফেট ২/২২) ও ২য় ইনিংস: ৮৪ ওভারে ২১৭/৯ (সৌম্য ১১৮, এনামুল ৪৮; কারিয়া ৫/৭৯, ভীরাসামি ৩/৫৫)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: কাইল হোপ।