৩২৮ রানের জয়। সৌম্য সরকার ২০৯। আবু হায়দার ১০ রানে নয় উইকেট। অনূূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কাতার অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো পিষে মেরেছে বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯ দল।কাল কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে বাংলাদেশের তরুণদের ব্যাটিংয়ে পাঠান কাতার অধিনায়ক তামুর সাজ্জাদ। সিদ্ধান্তটি ছিল ভুল। ৬৬ রানে দুুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে ওপেনার সৌম্য সরকারের সঙ্গে অধিনায়ক আসিফ আহমেদের ২৫০ রানের জুটি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। জাতীয় লিগে খুলনা ও সর্বশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার হয়ে খেলা সৌম্য ১৩৫ বলে ২৭টি চার আর আটটি ছক্কায় করেছেন ২০৯ রান। ১১০ বল খেলে আট বাউন্ডারি আর এক ছক্কায় আসিফ করেছেন ৮৭। তবে ৩১৬ রানের মাথায় সৌম্যের বিদায়ের পর আবারও ধস নামে বাংলাদেশ অনূূর্ধ্ব-১৯-এর ব্যাটিংয়ে। মাত্র ২৬ রানের ব্যবধানে পড়েছে পাঁচ উইকেট। পুরো ৫০ ওভার ব্যাট করে সাত উইকেটে করা ৩৬৩ রানে দুই অঙ্কের সংগ্রহ আর আছে শুধু নুরুল হাসান (১২), নূর হোসেন (১০*) ও দেওয়ান সাব্বিরের (১৫*)।সৌম্যের ব্যাটের তাণ্ডবে যেমন দিশেহারা কাতারি বোলাররা, তেমনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দাঁড়াতে দেননি ঢাকা প্রথম বিভাগ লিগে ওরিয়েন্টের হয়ে খেলা আবু হায়দারও। ৫.৪ ওভারে ১০ রানে বাঁহাতি এই পেসার নিয়েছেন ৯ উইকেট। আর তাতে ১১.৪ ওভারে মাত্র ৩৫ রানেই গুটিয়ে যায় কাতারের যুবদল। হ্যাটট্রিক না পেলেও সুযোগ তৈরি করেছিলেন দুবার। ইনিংসের ষষ্ঠ ওভারে হায়দার পেয়েছেন তিনটি উইকেট। কাতারের শেষ ব্যাটসম্যান ওমর ইশতিয়াক ব্যাটিং করতে নামেননি। ১০ উইকেট না পাওয়ার আফসোস হচ্ছে তাই হায়দারের, ‘উইকেট বোলিংয়ের জন্য খুব ভালো ছিল। যে ওভারে নবম উইকেট নিলাম, ওই ওভারে আমার আরও দুইটা বল বাকি ছিল। কিন্তু পায়ে ক্র্যাম্প হওয়ায় তাদের শেষ ব্যাটসম্যান নামলই না। ১০ উইকেট পাইনি বলে আমাদের দলের সবাই আফসোস করছে।’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।কাল ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯-কে তারা হারিয়েছে চার উইকেটে। এ ছাড়া ‘এ’ গ্রুপে ভারত অনূর্ধ্ব-১৯ স্বাগতিক মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯-কে হারিয়েছে আট উইকেটে। নেপালের তরুণদের বিপক্ষে পাকিস্তানও জিতেছে একই ব্যবধানে।