সৌরভ আমার ছোট ভাইয়ের মতো: শাহরুখ
কলকাতার বরপুত্র সৌরভ গাঙ্গুলি এবারের আইপিএলে নাইট রাইডার্সের কেউ নন। ফ্র্যাঞ্চাইজটির মালিক শাহরুখ খান কি ‘দাদা’কে বাদ দেওয়ার এ সিদ্ধান্তে অনুতপ্ত? অন্তত গত কয়েক দিনে বলিউড কিংয়ের কথাবার্তায় সেটাই প্রতীয়মান হয়। কিন্তু চতুর্থ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া হবে আর দলের মালিক শাহরুখ তা জানবেন না, তা কীভাবে হয়। সব মিলিয়ে সৌরভকে নিয়ে শাহরুখের সাম্প্রতিক কথাবার্তা বেশ স্ববিরোধীই মনে হচ্ছে।আইপিএল নিলামের প্রথম দিন সৌরভ গাঙ্গুলিকে কলকাতা নাইট রাইডার্সসহ অন্য ফ্র্যাঞ্চাইজগুলো যখন কিনল না, ঠিক তার পরের দিন শাহরুখ বললেন, সৌরভকে ছাড়া কলকাতার আইপিএল দল কল্পনাই করা যায় না। অথচ পরের দিন নিলামেও সৌরভকে দলে নিল না তাঁর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ। নিলামটিলাম সব শেষ হয়ে যাওয়ার পর এবার সৌরভকে নিজের ‘ছোট ভাই’ হিসেবে বর্ণনা করেছেন ‘এসআরকে’। তবে এবার তিনি সত্যি কথাটাই বলে ফেলেছেন। শাহরুখ জানিয়েছেন, সৌরভ আমার ছোট ভাইয়ের মতো হলেও কলকাতা নাইট রাইডার্সকে নতুন রূপ দেওয়ার জন্য তাঁকে বাদ দিতে হয়েছে। তবে বলতে ভোলেননি, সৌরভকে বাদ দিতে তাঁর ‘কষ্ট’ হয়েছে। বলিউডি তারকারা যে নিজ পেশা ও অর্থকড়ির ব্যাপারে কতটা ‘পেশাদার’ তার আরও একটি প্রমাণ রাখলেন শাহরুখ খান। সৌরভ তাঁর ছোট ভাই হলেও দলের স্বার্থে তিনি সত্যিই নির্মম। পেশাদারিত্বে সত্যিই ‘দাদাগিরি’র স্থান নেই। টাইমস অব ইন্ডিয়া।