সৌরভ এখন ডিআরএসের বিপক্ষে
একেবারে সরাসরি কখনো বলেননি। তবে আকারে-ইঙ্গিতে নানা সময় ডিআরএসের পক্ষেই কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী। মেলবোর্ন টেস্টের প্রথম দিন ধারাভাষ্যকক্ষে খানিকটা কথার লড়াইও হয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তবে সাবেক ভারতীয় অধিনায়ক বোধহয় বুঝতে পেরেছেন, জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করে লাভ নেই। সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তাই সতর্ক সৌরভ, বলেছেন ডিআরএস নিয়ে বিসিআইয়ের অবস্থান ঠিকই আছে।ভারতের বিরোধিতার কারণেই ডিআরএস বাধ্যতামূলক করার নিয়ম থেকে সরে আসতে হয়েছে আইসিসিকে। ২০০৮ সালে যে ভারত-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ডিআরএসের ব্যবহার শুরু হয়, সেই সিরিজে খেলেছিলেন সৌরভ। ২০টি রিভিউ আবেদন করে সেবার মাত্র ১টিতে সফল ছিল ভারতীয়রা। ওই তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় সৌরভ বলছেন, বিসিসিআইয়ের অবস্থান ঠিকই আছে, ‘শ্রীলঙ্কায় ডিআরএসের প্রথম সিরিজে আমাদের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। সেদিক থেকে চিন্তা করলে বিসিসিআইয়ের অবস্থান যুক্তিপূর্ণ। কেবল পুরোপুরি নির্ভুল হলেই ডিআরএস ব্যবহার করা উচিত। গত ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি, ডিআরএসের কিছু সিদ্ধান্তও সংশয়পূর্ণ ছিল।’ ওয়েবসাইট।