সৌরভ ছাড়া কলকাতার দল হয় না: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু এবার আইপিএলের চতুর্থ আসরের নিলামে অবিক্রীতই থেকে গেছেন ভারতের অন্যতম সফল এই অধিনায়ক। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজের কেউই। এমনকি তাঁর নিজ শহর কলকাতার ফ্র্যাঞ্চাইজ নাইট রাইডার্সও মুখ ফিরিয়ে নিয়েছে তাঁর দিক থেকে। গাঙ্গুলির এই লজ্জাজনক ও বিব্রতকর পরিস্থিতিতে অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী বলিউড কিং শাহরুখ খান। কলকাতা থেকে যে দল আইপিএলে অংশ নেবে তাতে ‘কলকাতার প্রিন্স’ই থাকবেন না, এটা নাকি ভাবতেই পারেন না তিনি। ভারতের অন্যতম শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন, ‘দাদাকে ছাড়া কলকাতার কোনো আইপিএল দল সম্ভব না।’সৌরভ গাঙ্গুলির এ পরিস্থিতির জন্য অবশ্য অনেকেই তাঁর বেইজ মূল্য বাড়ানোকেই দায়ী করছে। প্রথমে তাঁর বেইজ মূল্য নির্ধারিত হয়েছিল দুই লাখ ডলার। কিন্তু পরে এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া হয় চার লাখ ডলারে। আইপিএলের এবারের নিলামে দলগুলোর মধ্যেই তারুণ্যনির্ভর দল গড়ার আগ্রহ দেখা গেছে। চার লাখ ডলার দিয়ে ৩৮ বছর বয়সী গাঙ্গুলির ওপর বাজি ধরতে রাজি হয়নি কেউই। গতকাল নিলামের দ্বিতীয় দিনে হতাশা আরও বেড়েছে গাঙ্গুলি সমর্থকদের, যখন অবিক্রীত খেলোয়াড়দের দ্বিতীয়বারের মতো তোলা হয়েছিল নিলামে। কিন্তু এবারও তাঁকে দলে টানতে আগ্রহী হয়নি কেউ। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে যখন সব শেষে ফ্র্যাঞ্চাইজগুলো ২৮ জন খেলোয়াড়কে আবার নিলামে তোলার অনুরোধ জানালেন। যথারীতি এখানেও ছিল না দাদার নাম। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান যদিও গাঙ্গুলিকে দলে চাইছেন, কিন্তু এখন তা কীভাবে সম্ভব, তাও খুব একটা বোধগম্য হচ্ছে না। কারণ, তাদের কাছে অবশিষ্ট আছে মাত্র চার লাখ ২৫ হাজার ডলার। এর মধ্যে পুরো চার লাখই কি গাঙ্গুলির পেছনে খরচ করতে চাইবেন শাহরুখ?