সৌরভই কলকাতার ঘোড়সওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্ডিংটা আরও জঘন্য হয়েছে, শরীর চলে না, বলের লাইনে পা নিতে পারেন না। ফিল্ডিংয়ে ফাঁকা জায়গা খুঁজে নিতে পারেন না। টি-টোয়েন্টির মতো আধুনিক ক্রিকেটে একেবারেই অচল—সৌরভ গাঙ্গুলীর সম্পর্কে এই রায়গুলো কদিন আগেই দিয়ে দিয়েছিলেন সমালোচকেরা। নিষ্ঠুর বিচারকের ভঙ্গিতে সবাই বলেছিলেন, ‘এখন অন্তত মানসম্মান নিয়ে পালাও।’সৌরভ গাঙ্গুলী পালাতে শেখেননি। লড়াইটা তিনি জানেন। লড়াই করে জাতীয় দলে ফিরে নিজেকে প্রমাণ করেছিলেন। নতুন করে প্রমাণ দেওয়ার কিছু ছিল না। তার পরও টি-টোয়েন্টি ক্রিকেটটা যে তিনি খেলতে পারেন, সেটা প্রমাণ করতেই আরেকবার লড়লেন। সেই লড়াইয়ে সমালোচকদের হকচকিত করে একটা জয় তুলে নিলেন পরশু। তালিকার দুই নম্বর দল শেবাগ-গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারিয়ে ধরে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের সেমিফাইনালের স্বপ্ন।৪৬ বলে ৮টি চার ও ১টি ছয়ে ৫৬ রান করে কলকাতাকে লড়াইয়ের পুঁজি (১৮১) দিতে সৌরভই মূল ভূমিকা রেখেছেন। কিন্তু আসল কাজটা করেছেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীরকে (৪৭) রানআউট করে। যদিও সৌরভ নিজে বলছেন এই ম্যাচটা জিতেছেন তাঁরা অজিত আগারকার বীরেন্দর শেবাগকে (৬৪) সময়মতো আউট করায়। কিন্তু খোদ গম্ভীর বলছেন, ম্যাচের টার্নিং পয়েন্ট সৌরভের দুর্দান্ত ফিল্ডিংয়ে তাঁর রানআউট।গম্ভীর খুবই বিস্মিত, ৩৭ বছর বয়সী ‘দাদার’ এমন ফিল্ডিং দেখে। দাদা নিজে অবশ্য ম্যাচ শেষে সহাস্যে উত্তর দিয়েছেন, ‘ফিল্ডিংয়ের কথা বিবেচনায় নিলে বলতে হয়, আমার বোধহয় বয়স কমছে।’সেটা শুধু ফিল্ডিং বিবেচনায় কেন বলতে হবে, রানও যে সাক্ষী দিচ্ছে, সৌরভের বয়স কমছে। এই আইপিএল আসরের শুরুর কয়েকটা ম্যাচ বলছিল, বুড়িয়ে গেছেন। আসলেই ব্যাটিংয়ে সেই সৌরভকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু গত ৫টা ম্যাচে তাঁর রান দেখুন—৫৬ (৪৬), ৩৬ (৩১), ৮৮ (৫৪), ৫ (১০), ৫০ (৪০)! এই মৌসুমের আইপিএলে ১০ ম্যাচে ৩ ফিফটিসহ ৩৩৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১১৫.২২। বিশ্বাস করুন আর না-ই করুন, এখন পর্যন্ত চলতি আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান সৌরভের।এসব শুষ্ক পরিসংখ্যান দাদার দাপুটে চেহারাটা বোঝাতে পারছে না। সেই বোলারস ব্যাক ড্রাইভ, সেই উইকেট থেকে বেরিয়ে আসা, সেই স্কয়ার ড্রাইভ! এসব দেখে মুগ্ধ হয়ে গেছেন খোদ বিপক্ষ অধিনায়ক গম্ভীর। তিনি বলছেন, বয়স নয়, জাতটাই আসল কথা, ‘বয়স নয়, ক্লাসটাই আসল। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং সৌরভ গাঙ্গুলী হচ্ছেন জাত ক্রিকেটার। এরা যেকোনো ধরনের ক্রিকেটে মানিয়ে নিতে পারেন।’সৌরভের এই পারফরম্যান্সে আরেকটা উপকার হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের গতবারের টলোমলো সংসারটায় শান্তি ফিরে এসেছে। সৌরভের অকুণ্ঠ প্রশংসা করে শাহরুখ খান জানিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে আর কোনো ফাটল নেই।পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের জন্যও এটা নিশ্চয়ই খুশির খবর। একে ওপার বাংলার দল, তার পর সৌরভের দল, তার পর শাহরুখের দল; কলকাতার প্রতি বাংলাদেশে একটা বাড়তি ভালোবাসা থাকারই কথা। সেটা আরও বেশি যোগ হয়েছিল, মাশরাফি বিন মুর্তজা কলকাতা দলের অংশ হওয়ায়।কিন্তু এই জায়গাটাতেই খুশি হতে পারছেন না বাংলাদেশি সমর্থকেরা। মাশরাফি যে এবার আলোচনাতেও নেই। আগের বছর তবু ‘আজ খেলবেন, কাল খেলবেন’ একটা আলোচনা ছিল। এবার ২৩ সদস্যের দলে না থাকায় সে আলোচনাটাও নেই। কলকাতার এই সুখের দিনেও বাংলাদেশে দলটির প্রতি একটু রাগ তাই থাকছেই। ওয়েবসাইট।