সৌরভকে ভুলতে পারছে না কলকাতার সমর্থকেরা
আইপিএলের চতুর্থ আসরে ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো দলই। অন্যান্য দলের কথা না হয় বাদ দেওয়া যায়। কিন্তু ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলীবিহীন নাইট রাইডার্সকে কিছুতেই মেনে নিতে পারছে না কলকাতাবাসী। গতকাল অনুশীলনের জন্য ইডেন গার্ডেনে ঢোকার সময় সৌরভভক্ত বিক্ষোভকারীদের মুখে পড়তে হয়েছে খেলোয়াড়দের।আজ ইডেন গার্ডেনে ডেকান চার্জাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নতুন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু স্বাগতিক হিসেবে দর্শকদের যে সমর্থন তাদের পাওয়ার কথা ছিল, তা হয়তো নাও পেতে পারেন গম্ভীররা। হয়তো গতকালের মতো আজও কলকাতাবাসী স্টেডিয়ামে গিয়ে স্লোগান দিতে পারেন, ‘নো দাদা, নো কলকাতা নাইট রাইডার্স’। গতকাল একজন বিক্ষোভকারী বলেছেন, ‘ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে সৌরভ গাঙ্গুলীকে ছাড়া—এটা আমি কল্পনাই করতে পারছি না।’ ম্যাচ শুরুর আগে ক্ষুব্ধ সমর্থকেরা দাদার অনুপস্থিতির জন্য বিক্ষোভও করতে পারে বলে অনুমান করছেন অনেকে।আইপিএলের আগের আসরগুলোতে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবার সৌরভের অনুপস্থিতি তাদের ওপর আরও চাপ সৃষ্টি করবে কি না, এমন প্রশ্নের জবাবে কোচ ডেভ হোয়াটমোর বলেছেন, ‘এটা খুব একটা প্রভাব ফেলবে না। আমাদের দলে অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। তারা খুবই ভালো খেলে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুব খুশি।’ ওয়েবসাইট।