সৌরভের অবসর ধাঁধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালই এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে সৌরভ গাঙ্গুলির এক মন্তব্য বিতর্কের ডাল-পালা ছড়িয়েছে। তিনি সেই সাক্ষাত্কারে নাকি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সৌরভ তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে বলে অবসরের ঘোষণা উড়িয়ে দিয়েছেন।এদিকে সেই টেলিভিশন চ্যানেলে করা মন্তব্য ও পরে সেটি অস্বীকার করায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সবার মনেই প্রশ্ন, ‘সত্যিই কি এবার সব ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন প্রিন্স অব ক্যালকাটা?’সৌরভ গাঙ্গুলি অবশ্য বলেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি ২০০৮ সালে; আর এ মৌসুমে আমার আইপিএলে খেলার কোনো সম্ভাবনা নেই।’সৌরভের এ মন্তব্যেকে গতকালই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর অবসরের ঘোষণা হিসেবেই প্রচার করেছে। এমনকি অনেক সাবেক ক্রিকেট ব্যক্তিত্বও সৌরভের ‘অবসর’ নিয়ে প্রতিক্রিয়াও ব্যক্ত করেন।কলকাতার বাইরেই সেই টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কারটি দিয়েছিলেন সৌরভ। নিজ শহরে ফেরার পর বিমানবন্দরে তাই তাঁর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনেক সংবাদকর্মীই। স্বাভাবিকভাবেই তাঁরা সৌরভকে অবসর নিয়ে প্রতিক্রিয়া জানানোর পর যেন আকাশ থেকে পড়লেন মহারাজ।‘আপনারা কোথা থেকে আমার অবসরের ব্যাপারটি জানলেন? যদি টেলিভিশন সাক্ষাত্কার দেখে মনে করেন আমি তাতে অবসরের ঘোষণা দিয়েছি, তাহলে আপনাদের উচিত সেই সাক্ষাত্কারটি পুরোটা আবার দেখা ও তা বোঝার চেষ্টা করা।’ দাদার চোখে-মুখে স্পষ্টই বিরক্তির রেখা।তাহলে সাক্ষাত্কারে যে তিনি বললেন, আইপিএলে খেলার কোনো সম্ভাবনা নেই। সেটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। বলেছেন কেবল আইপিএলে না খেললেই তিনি অবসরে যাবেন। পরক্ষণেই সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, তাহলে কি এবার আইপিএলে আপনাকে খেলতে দেখা যাবে? এবার গাঙ্গুলির এক জবাব, ‘মনে হয় না।’তবে আইপিএলে সুযোগ না পাওয়াটা যে তাঁর জন্য অসম্মানের, সেটা জানিয়ে দিতে ভোলেননি সৌরভ। তিনি বলেছেন, ‘গত আইপিএলে আমি পাঁচ শর ওপর রান করেছি। আমার বয়সের অ্যাডাম গিলক্রিস্ট, রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ এবারও আইপিএলে নিজেদের দলের অপরিহার্য খেলোয়াড়। তাহলে আমার প্রতি এ অবিচারটা কেন? যাঁদের ন্যূনতম ক্রিকেট জ্ঞান আছে, তাঁরাই বলবেন আমাকে আইপিএলে কোনো দলে না নিয়ে আমার প্রতি অন্যায়ই করা হয়েছে।’ পিটিআই।