সৌরভের দরজা এখনো খোলা!
আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি কলকাতাসহ ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। মাঝে কেটে গেছে ২০ দিনেরও বেশি সময়। তবে হাল ছাড়বেন না সৌরভ-ভক্তরা। আইপিএলে সৌরভের দরজাটা কিন্তু এখনো খোলা আছে!আইপিএলের বর্তমান নীতিমালা অনুযায়ী, নিলামে অবিক্রীতদের পরবর্তী সময়ে কিনতে পারবে না কোনো ফ্র্যাঞ্জাইজ। ক্রিকইনফো জানিয়েছে, নিলামে যাঁরা অবিক্রিত রয়ে গেছেন, তাঁদের ব্যাপারে কোনো আপত্তি আছে কি না, তা জানতে ফ্র্যাঞ্চাইজগুলোকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সৌরভ গাঙ্গুলীর নাম। ভারতীয় বোর্ডের এ চিঠি থেকে স্পষ্ট, নীতিমালার বাইরে গিয়ে হলেও অবিক্রীতদের মধ্য থেকে দু-একজনকে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এর আগের দিন পর্যন্ত টিঠির জবাব দিতে পারবে ফ্র্যাঞ্চাইজগুলো। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি ডাকা বৈঠকে সৌরভদের মতো অবিক্রীত ক্রিকেটারদের নিয়ে আলোচনা হবে। নিলামের পর কোচি সৌরভকে কিনতে আগ্রহী বলে খবর বেরিয়েছিল। সৌরভ সম্পর্কে কোচির সর্বশেষ অভিমত জানতে চেয়েছে বোর্ড। ওয়েবসাইট।