সৌরভের ধোনি-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

মহেন্দ্র সিং ধোনিকে ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলের অধিনায়ক বানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্যতম সফল এই অধিনায়ক মনে করেন, তিনি নিজে সফল হতে পারেন, কিন্তু ভারতকে সম্ভব-অসম্ভব সব শিরোপা পাইয়ে দিয়ে ধোনিই ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা।
নিজের ৪১তম জন্মদিনে কলকাতার বাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তাঁর কণ্ঠে ঝরেছে ধোনির স্তুতি। টেস্ট দলের কথা আলাদা, তবে কোনো দিন যদি ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল নির্বাচিত হয়, তাহলে তার নেতৃত্বের ভার অবশ্যই ধোনির হাতে তুলে দিতে হবে বলে অভিমত জানিয়েছেন তিনি, ‘আমি আমার জীবনে ধোনির মতো উইকেটরক্ষক-ব্যাটসম্যান দেখিনি। অধিনায়ক হিসেবে সে কেমন, সেটা তার রেকর্ডই বলে দিচ্ছে।’
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সৌরভ তাঁর অবসর জীবনে যেন আরও বেশি ব্যস্ত। মাঠের খেলা ছেড়ে ধারাভাষ্য ধরেছেন, বিশেষজ্ঞ হিসেবে কমেন্ট্রি বক্সে তাঁর সদর্প পদচারণ। এই মুহূর্তে তিনি তাঁর ব্যস্ততার অনেকটুকুই নিংড়ে দিয়েছেন নিজের আত্মজীবনী লেখার কাজে। ভারতীয় ক্রিকেট নিয়েও নিবিড় পর্যবেক্ষণ তাঁর। সেই পর্যবেক্ষণ থেকেই তাঁর কাছে ভারতের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক ওই ধোনিই, ‘ওয়ানডেতে যদি ভারতের সর্বকালের সেরা কোনো দল গঠন করা হয়, তাহলে তার অধিনায়ক করতে হবে ধোনিকেই। ওর রেকর্ডই এ ব্যাপারে ওর পক্ষে কথা বলছে।’

নিজের সঙ্গে ধোনির কোনো তুলনায় যেতে চান না সৌরভ। তুলনা ব্যাপারটি নাকি একেবারেই পছন্দ করেন না সৌরভ, ‘আমি তুলনা পছন্দ করি না। এসব ব্যাপারে তুলনা করাটা বোকামি। আপনি কখনোই সময়ের সঙ্গে সময়ের তুলনায় যেতে পারবেন না।’

বিরাট কোহলিকে এখনই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবতে চান না সৌরভ, ‘আপাত কোহলি নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখে যাক। সে ভবিষ্যতে ভারতের অধিনায়ক হবে কি না, সেটা নিয়ে ভেবে কাজ নেই। কোহলির খেলা আমার অসম্ভব ভালো লাগে, ও রান করলেই তো ভারত যেতে। আপাত এ ব্যাপারটিই উপভোগ করে যেতে চাই।’