সৌরভের পছন্দ নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএলের ষষ্ঠ আসর শুরু করেছেন সুনীল নারাইন। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাত্র ১৩ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অফস্পিনার। তাঁর এই দারুণ বোলিংয়ের সুবাদে কলকাতা নাইট রাইডার্সও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। শুধু প্রথম ম্যাচেই না, পুরো আইপিএলেই কলকাতার ট্রাম্পকার্ড হিসেবে আবির্ভূত হতে পারেন সুনীল নারাইন। ডানহাতি এই অফস্পিনারকে নিয়ে এমনই আশাবাদ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিল সুনীল নারাইনের। ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন এই উইন্ডিজ স্পিনার। এবার যেন আরও ভালো পারফরম্যান্স দেখানোর মিশন নিয়েই মাঠে নেমেছেন নারাইন। প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে তেমন ইঙ্গিতই দিয়েছেন ২৪ বছর বয়সী এই অফস্পিনার। ভারত ও কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভূয়সী প্রশংসা করেছেন নারাইনের। তিনি বলেছেন, ‘নারাইন হতে পারেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরের প্রধান অস্ত্র। গত আসরেও কেকেআরের সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা ছিল নারাইনের। এবারের আসরেও তিনিই হয়ে উঠতে পারেন কলকাতার ট্রাম্পকার্ড।’টানা চারটি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সৌরভ গাঙ্গুলি। আইপিএলের গত মৌসুমে তিনি খেলেছিলেন পুনে ওয়ারিয়র্সের জার্সি গায়ে। তবে এবারের মৌসুমে কলকাতাকেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করছেন গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘কলকাতাকে ভালো খেলতে দেখে আমি খুবই খুশি হয়েছি। প্রথম ম্যাচেই জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। নিশ্চিতভাবে বোলিং আক্রমণটাই কলকাতা নাইট রাইডার্সের প্রধান শক্তির জায়গা। তারাই যে এবারের আসরের অন্যতম ফেবারিট, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’