সৌরভের ব্যাটে বাইরে রাজস্থান
টসের আধঘণ্টা আগে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চিন্নাস্বামী স্টেডিয়াম। প্রথমে জানানো হলো, জেনারেটর বিস্ফোরণ। কিন্তু পরে পুলিশ কর্মকর্তারা জানালেন, যা আশঙ্কা করা হয়েছিল তা-ই, বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা অবশ্য ঘটেনি। তবে সতর্কতার জন্য বেঙ্গালুরু বনাম মুম্বাই খেলা পিছিয়ে গেল প্রায় এক ঘণ্টা।এটুকুই যা ব্যতিক্রম, মাঠের খেলায় কোনো ব্যতিক্রম নেই। আরও একটি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, ১৩ ম্যাচের তাদের দশম। আর ৫৭ রানে হেরে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেমিফাইনাল গেল ঝুলে। শেষ চারে জায়গা পাওয়ার জন্য এখন অন্যদের ফলাফলের ওপর নির্ভর করতে হবে বর্তমান রানার্সআপদের। শাহরুখ-সৌরভের কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের আশা। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। আর এই পরাজয়েই আবার শেষ হয়ে গেল রাজস্থানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। ইনিংসে কোনো ফিফটি নেই একটিও, তার পরও ২০ ওভারে মুম্বাই ৪ উইকেটে তোলে ১৯১ রান। প্রমোশন পেয়ে ওপেন করতে নেমে ৪০ রান করেছেন রায়ান ম্যাক্লারেন, ২৭ বলে ৪৬ ওয়ান ডাউনে নামা আম্বাতি রাইডুর। শচীন টেন্ডুলকার করেছেন ১৮ বলে ১৯। এর পর জেপি ডুমিনি ও পোলার্ডের ঝড়ে শেষ ১০ ওভারে মুম্বাই তোলে ১১৬। ১৯ বলে তিনটি করে চার-ছয়ে ৪২ করেছেন ডুমিনি, ৭ বলে ৩ ছক্কায় ২০ রান পোলার্ডের। ২০ ওভার খেলে বেঙ্গালুরু ৯ উইকেটে করতে পারে ১৩৪। রাজস্থানের ৯ উইকেটে করা ১৩২ রানের জবাব দিতে নেমে ২২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা। তবে সৌরভ গাঙ্গুলির ৫০ বলে ৭৫ (১১ চার ও ২ ছক্কা) এবং পূজারার ৩৮ বলে ৪৫ রানের ইনিংস দুটি জয়ের বন্দরে পৌঁছে দেয় কলকাতাকে। ২৩ বল হাতে রেখে আর কোনো উইকেট না হারিয়েই আসে সেই জয়। ওয়েবসাইট।