স্কটল্যান্ডে আবদুল্লাহ-ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় মঞ্চে সাফল্য। কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়াররাইফেলে রুপার পদক হাতে শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। কাল স্কটল্যান্ডের গ্লাসগোতে l এএফপি
বড় মঞ্চে সাফল্য। কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়াররাইফেলে রুপার পদক হাতে শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। কাল স্কটল্যান্ডের গ্লাসগোতে l এএফপি

২০০২, ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস। ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের সে সময়ের অখ্যাত তরুণ আসিফ হোসেন খান। সেই অভিনব বিন্দ্রা এরপর অলিম্পিকে জিতেছিলেন সোনা, আসিফ এখন হারিয়ে যাওয়া এক নাম। এরপর কেটে গেছে এক যুগ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্যুটিংয়ের সাফল্যরেখা ক্রমেই ধূসর। বন্দুকের নলেও দিনকে দিন মরিচা পড়েছে।
সেই মরিচা ধরা বন্দুকই নিশানা ভেদ করল কাল। আবারও কমনওয়েলথ গেমসে সাফল্য পেল বাংলাদেশ। এবারের সাফল্য এল শ্যুটার আবদুল্লাহ হেল বাকির হাত ধরে। আসিফ যে ইভেন্টে সোনা জিতেছিলেন, সেই ১০ মিটার এয়াররাইফেলে এবার অবশ্য রুপা। ২০২.১ পয়েন্ট করে ২০তম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে পুরুষদের ১০ মিটার এয়াররাইফেলে জিতলেন রুপা। এই ইভেন্টে সোনা জিতেছেন সেই অভিনব বিন্দ্রা। স্কোর ২০৫.৩। ব্রোঞ্জজয়ী ইংল্যান্ডের ড্যানিয়েল রিভার্সের স্কোর ১৮২.৪।
পদক জয়কে পাখির চোখ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কোরিয়ান কোচ লিকে নিয়ে আসে কমনওয়েলথ গেমসের মাস তিনেক আগে। কোচের অনুশীলন, সেই সঙ্গে নিজের মধ্যে বাড়তি কিছু করার একটা তাগাদা সব সময়ই ছিল ঢাকা রাইফেল ক্লাবের শ্যুটার আবদুল্লাহর। ঢাকা ছাড়ার আগেও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি।
বাছাইপর্ব পেরিয়ে আবদুল্লাহ শ্যুটঅফে করেন ৯.৮ স্কোর। বিন্দ্রার সঙ্গে অবশ্য লড়াইটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি। প্রথম দিকে ভালো করলেও শেষ দিকে আর পারলেন না। প্রথম সিরিজে বিন্দ্রার স্কোর ৩০, আবদুল্লাহর ২৯.৪। তার পরও লড়াইয়ে থেকেছেন যথাক্রমে ৩০.৪, ২০.৭, ২০.২, ২১.২, ২০.৪, ২০.৬, ১৯.৫, ১৯.৭ স্কোর করে।
আবদুল্লাহর এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ দল। স্কটল্যান্ড থেকে টেলিফোনে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হারুনুর রশিদ বললেন, ‘আমরা সবাই খুব খুশি। আবদুল্লাহর সাফল্যে অন্যরাও উজ্জীবিত হবে। কাল (আজ) মেয়েদের ১০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা হবে। আশা করি, মেয়েরাও দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
একই দিনে মেয়েদের ১০ মিটার এয়ারপিস্তলে অষ্টম হয়েছেন আরমিন আশা।
শ্যুটিংয়ের দিনে জয় পেয়েছে টেবিল টেনিস দলও। গ্রুপপর্বে পরশু পুরুষ দল ৩-১-এ জিতেছে কিরিবাতির সঙ্গে। তবে মরিশাসের কাছে ২-৩-এ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।