স্কটল্যান্ডের কাছে হার বাংলাদেশের
আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও অপেক্ষাকৃত কম অভিজ্ঞ দল স্কটল্যান্ডের বিপক্ষে আকস্মিকভাবে হেরে গেছে বাংলাদেশ। ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের দারুণ পারফরম্যান্সের মুখে দুই ওভার বাকি থাকতেই ১২৮ রানেই গুটিয়ে গেছে মুশফিক বাহিনী। এর ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ সাফল্য পাওয়া বাংলাদেশকে ৩৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। পুরো ইনিংসে বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্যে দিয়ে ১২৮ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সাকিব, তামিম ও মাশরাফি ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। স্কটল্যান্ডের পক্ষে দুর্দান্ত বোলিং করে মাত্র ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেছেন মাজিদ হক।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকে স্কটল্যান্ড। ওপেনার বেরিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ দ্রুতই ঘুরতে থাকে স্কটিশদের রানের চাকা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে প্রায় একাই লড়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর শতরানের পর স্কটল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ক্যালম ম্যাকলডের। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ রান।গত ম্যাচের মতো আজকেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মাশরাফি বিন মোর্তজা। চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। একটি করে উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক।