স্কলারি-অধ্যায়ের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু অন্তিম প্রাপ্তি খুব সামান্যই। যে ব্রাজিলিয়ান সমর্থকেরা এমনকি রানার্সআপ হওয়াটাকেও ব্যর্থতা মনে করে, তাদের কাছে বিশ্বকাপে চতুর্থ হওয়ার কি আদৌ কোনো মূল্য আছে! তার ওপর শেষটা হলো এমন জঘন্যভাবে! পর পর দুই ম্যাচে হতাশাজনক হার, ১০ গোল হজম। শুধু নেইমারের নয়, আসলে যেন ব্রাজিল ফুটবলের মেরুদণ্ডেই চিড় ধরেছে। এর পরও কোচ লুইস ফেলিপে স্কলারি দায়িত্বে থেকে গেলে সেটাই বরং বিস্ময়কর হতো।
সে রকম কিছু হলো না। দায়িত্ব ছেড়ে দিলেন বিধ্বস্ত স্কলারি। কনফেডারেশনস অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) আনুষ্ঠানিক ঘোষণায় বলেছে, স্কলারি তাঁর সহকারীদের নিয়ে সরে দাঁড়িয়েছেন। তবে ব্রাজিল সংবাদমাধ্যমের খবর হচ্ছে, আসলে তাঁকে বাধ্যই করা হয়েছে পদত্যাগ করতে। মাত্রই কয়েক দিন আগে স্কলারি নিজেই তো বলেছিলেন, এ বিষয়ে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফেডারেশন যেটা ভালো মনে করে, সেটাই করবে।
যেটাই হোক, সিবিএফ আপাতত বিদায়টা সম্মানজনকই রাখতে চাইছে। সভাপতি হোসে মারিয়া ম্যারিন সিবিএফ ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘স্কলারি ও তাঁর সহকারীদের সম্মান ও ধন্যবাদ প্রাপ্য। তাঁরা ব্রাজিলিয়ানদের হৃদয়ে সেলেসাওদের জন্য ভালোবাসা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমরা দেখেছি, ব্রাজিলিয়ানরা দেশের পতাকা আর হলুদ জার্সি নিয়ে উল্লাস করেছে। অনেক দিন পর এমনটা হয়েছে।’
২০০১ সালে প্রথমবার ব্রাজিলের দায়িত্ব পেয়েছিলেন স্কলারি। পরের বছরই জাপানের ইয়োকোহামার ফাইনালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর পর্তুগাল, চেলসি, উজবেকিস্তানের বুনিয়ুদকর ও ব্রাজিলের পালমেইরাস ঘুরে ২০১২ সালে আবার ব্রাজিল দলের দায়িত্ব নেন স্কলারি। গত বছর তাঁর অধীনেই কনফেডারেশনস কাপের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। কিন্তু এবার বিশ্বকাপে ব্যর্থতার খেসারত দিয়ে সরে যেতে হলো তাঁকে।
স্কলারির জায়গা কে নিচ্ছেন, সেটা এখনই বলতে রাজি হননি হোসে ম্যারিন। তবে কাল সিবিএফ এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে বলে নিশ্চিত করেছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম অবশ্য বলেছে, ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের কোচ আলেসান্দ্রে গ্যালোকে এ বছরের জন্য সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে ২০১২ সালে করিন্থিয়ানসকে ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ তিতে ও সাও পাওলোর কোচ মুরিসি রামালহোর নামও।
সেপ্টেম্বর-অক্টোবরে ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা ও তুরস্কের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলেসাওদের পরবর্তী মিশন আগামী বছর চিলিতে হতে যাওয়া কোপা আমেরিকা। রয়টার্স, এএফপি।