স্কলারি আগেই বলেছিলেন...
তাঁর চোখেমুখে আনন্দের বিভা খেলা করার কথা ছিল। কিন্তু লুইস ফেলিপে স্কলারির মুখে যেন অমানিশার অন্ধকার। দল জিতেছে বটে, কিন্তু নেইমারকে যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে! তখনো অবশ্য জানতেন না বিশ্বকাপ-স্বপ্নটাই শেষ হয়ে গেছে দলের মূল ভরসার। না জেনেই যেভাবে উষ্মা প্রকাশ করেছেন, জানলে কী হতো কে জানে!
প্রথম রাউন্ডে ম্যাচের পরই স্কলারি অভিযোগ করেছিলেন, নেইমারকে ঠিকমতো সুরক্ষা দিতে পারছেন না রেফারিরা। পরশু সেই অভিযোগের ফলা আরও বেশি তীক্ষ্ণ হলো, ‘আমি তিন ম্যাচ আগে থেকেই বলছিলাম নেইমার-শিকারের চেষ্টা চলছে। কিন্তু অন্য দেশগুলো এই অভিযোগ স্বীকার করছে না। তাদের দাবি, শুধু তাদের খেলোয়াড়েরাই এটার শিকার।’
কলম্বিয়ার হুয়ান জুনিগার চ্যালেঞ্জে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। পরে জানা গেছে, মেরুদণ্ডের হাড়ে চিড় ধরে যাওয়ায় এই বিশ্বকাপেই আর খেলা হচ্ছে না তাঁর। অথচ মারাত্মক ওই ফাউলের জন্য কার্ড দেখানো দূরে থাক, বাঁশি পর্যন্ত বাজাননি রেফারি। আবার থিয়াগো সিলভাকে দেখানো হয়েছে হলুদ কার্ড, দুই হলুদ কার্ড হয়ে যাওয়ায় ব্রাজিল অধিনায়ককে জার্মানির সঙ্গে সেমিফাইনালে থাকতে হবে দর্শক হয়ে। স্কলারির ক্ষোভ, ‘তাকে (জুনিগাকে) কোনো কার্ড পর্যন্ত দেখানো হলো না। অথচ থিয়াগো (সিলভা) কিছু না করেই কার্ড দেখল।’
রেফারিং নিয়ে বিতর্কে ম্যাচের ঘটনা চাপা পড়ে গেছে। ব্রাজিল জিতেছে বটে, কিন্তু কলম্বিয়া তাদের ঘাম ঝরিয়ে ছেড়েছে। শেষ ২০ মিনিটে কলম্বিয়ার আক্রমণে রীতিমতো দিশেহারা ছিল ব্রাজিল। ‘বিগ ফিল’ এটি অস্বীকার করেননি, ‘যদি সুযোগগুলো প্রথমার্ধেই কাজে লাগিয়ে ফেলতাম, তাহলে দ্বিতীয় গোলটা আমরা অনেক আগেই পেয়ে যেতাম। আমাদের কাজটা হয়তো সহজ হতো। এরপর আমরা এমন একটা অবস্থা থেকে গোলটা খাই যখন বল আমাদের দখলেই ছিল। এরপর হঠাৎ করে আমরা কিছুটা খেই হারিয়ে ফেলি।’
নেইমার নেই, থিয়াগো সিলভাও নেই। জার্মানির সঙ্গে ম্যাচে মাঠে নামার আগেই তো বলতে গেলে গোল খেয়ে বসা ব্রাজিলের! তবে স্কলারি উদ্দীপ্ত করতে চাইছেন ছাত্রদের, ‘আমাদের সামনে কঠিন একটা ম্যাচ। মানছি, আমরা ঠিক স্বস্তিজনক অবস্থায় নেই এখন। কিন্তু আমাদের বেশ কিছু দারুণ খেলোয়াড় আছে। দরকার হলে আমরা সবার বদলি নামাতে পারি। আশা করি ম্যাচটা দারুণ হবে।’
স্কলারির সামনে তো ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি! এএফপি, রয়টার্স।