স্কলারি আসায় আশা দেখছেন রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাটিতে হবে বিশ্বকাপ। অথচ তিনি স্রেফ দর্শক হয়েই কাটিয়ে দেবেন? কীভাবে মেনে নেবেন রোনালদিনহো? এখনো তিনি তাই গেঁথে চলেছেন স্বপ্নের মালা। ব্রাজিলের হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলার স্বপ্ন।মানো মেনেজেসের চোখে বাতিলের খাতায়ই পড়ে গিয়েছিলেন। কিন্তু গত নভেম্বর মেনেজেসকে বরখাস্ত করে ব্রাজিল নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লুইস ফেলিপে স্কলারিকে। দায়িত্ব নিয়েই স্কলারি বলেছেন, দরকার হলে রোনালদিনহোর মতো সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। দূর সুড়ঙ্গের ওপারে মিটিমিটি জ্বলা সেই সম্ভাবনার আলোই হয়তো আশাবাদী করে তুলেছে একসময় ফুটবল বিশ্বকে শাসন করা রোনালদিনহোকে।ব্রাজিলিয়ান এই তারকাকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র নির্মাণ করছেন সালমান খানের ভাই সোহেল খান। সিনেমাটির নামও আর-১০। ২০১৪ সালের মে মাসে মুক্তি দেওয়া হবে—এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে চলচ্চিত্রটির কাজ। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেখানেই তিনি মেলে ধরেছেন স্বপ্নের ডালা, ‘নিজেদের দর্শকদের সামনে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার চেয়ে ভালো কোনো অনুভূতি আর হতে পারে না। আমি এ সুযোগটা হারাতে চাই না। আমি আত্মবিশ্বাসী। ফুটবল এবং ব্রাজিলের জন্য এখনো আমার অনুরাগ-নিবেদন দারুণ। এটাই আমাকে দলে ফিরতে অনুপ্রাণিত করছে।’স্কলারির কোচিংয়েই ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রোনালদিনহোর বিশ্বতারকা হয়ে ওঠাও ওই বিশ্বকাপ দিয়েই। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ২২ বছরের রোনালদিনহো রেখেছিলেন বড় অবদান। ২০০৪ ও ২০০৫ সালে টানা দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো ২০০৬ বিশ্বকাপে গিয়েছিলেন সর্বকালের সেরার আলোচনাকে সঙ্গে নিয়ে। কিন্তু ওই বিশ্বকাপ দিয়েই রোনালদিনহোর হারিয়ে যাওয়ার শুরু। এরপর শুধুই পেছনের কানাগলি দিয়ে হাঁটা। বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখেছে স্রেফ অবহেলায় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিভার অপচয়! একসময় যাঁর পায়ের জাদু দেখার জন্য বুঁদ হয়ে থাকত ফুটবলপ্রেমীরা, ফুটবলকে গৌণ করে সেই রোনালদিনহো নাকি মেতে উঠেছিলেন উদ্দাম জীবনযাপনে। সেসব ছেড়ে ৩২ বছর বয়সী এখন অবশ্য আবার ফুটবলে মন দিয়েছেন। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে মৌসুমটি ভালোই কাটছে। শুধু প্রিয় কোচের আনুকূল্য নয়, রোনালদিনহো জানেন, আবার জাতীয় দলে ফিরতে হলে তাঁকে ফিরতে হবে স্বরূপে।প্রাণপণে সেই চেষ্টাই করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা, ‘আমি বিশ্বকাপের অংশ হতে চাই। আরও অনেক ব্রাজিলিয়ানের মতো এটা হবে আমার জীবনের সেরা মুহূর্ত। আমি আমার পুরোনো ফর্ম ফিরে পেতে চাই। আমি জানি, আমি দলে অবদান রাখতে পারব। খেলার সুযোগ পেলে আমি যে তৈরি—এটা নিশ্চিত করাই এখন আমার করণীয়র মধ্যে অগ্রাধিকার তালিকায়।’ ওয়েবসাইট।