স্কলারি নেই শিষ্যদের সঙ্গে

তাঁর শিষ্যরা সবাই আছেন গণমানুষের পক্ষে। সংহতি জানিয়েছেন বিক্ষোভকারীদের আন্দোলনে। কিন্তু ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি হাঁটলেন উল্টো পথে! ব্রাজিলে চলমান সরকারবিরোধী আন্দোলনে তিনি দাঁড়ালেন সরকারের পাশে। প্রশাসনে দুর্নীতি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রতিবাদে ব্রাজিলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের মূল দাবিগুলোর সঙ্গে সংহতি জানিয়ে নেইমার, ফ্রেড আর হাল্করাও বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি নেই তাঁদের। শিষ্যদের মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দিলেও এত দিন এ বিষয়ে নিজে কোনো মন্তব্য করেননি ব্রাজিল কোচ। তবে পরশু সালভাদরে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বিক্ষোভকারীদের বিপরীতেই অবস্থান নিলেন, ‘আমরা সবাই একটা সুন্দর দেশ চাই। সরকারও তা-ই চায়। কিন্তু সব সময় সেই চাওয়া অনুযায়ী কাজ করতে পারে না। সে জন্য সরকারকে শূলে চড়ানো ঠিক হবে না।’ শুধু আন্দোলনই সঠিক পথ নয়, সরকারকে সবকিছু ঠিক করার জন্য সময় দিতে হবে বলেও জানান স্কলারি, ‘আমাদের সবাইকে একই লক্ষ্যে কাজ করতে হবে। সমস্যার জায়গাগুলো চিহ্নিত করে আগামী পাঁচ কিংবা দশ বছরে সেগুলোর উন্নতি করার কথা ভাবতে হবে। এক দিনে কিছুই হবে না।’
তবে বেশির ভাগ ব্রাজিলিয়ানের ভাবনাচিন্তা স্কলারির মতো নয়। স্থানীয় একটি সংবাদমাধ্যমের জরিপে দেখা গেছে, ব্রাজিলের শতকরা ৭৭ ভাগ মানুষ এই আন্দোলনের পক্ষে এবং সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ৪৭ ভাগ মানুষই ব্রাজিলের রাজনীতিবিদদের ওপর বিরক্ত! এএফপি।