স্কলারিও চান আর্জেন্টিনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কলারি
স্কলারি

চাওয়াটা নেইমারের। দানি আলভেজেরও। বার্সেলোনার দুই ব্রাজিলিয়ান ফুটবলারই চান মারাকানার ফাইনালে বন্ধু মেসি যেন থাকেন প্রতিপক্ষ হয়ে! মানে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল! অবশ্য দুজন আবার রসিকতা করে মেসিকে বলে রেখেছেন, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হলে শিরোপা ব্রাজিলেরই হবে৷
ফ্রেডের সঙ্গে মেসির ও রকম বন্ধুত্ব নেই। তাই রসিকতা করে কিছু বলারও তাঁর নেই। তবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মন থেকেই চান আর্জেন্টিনার সঙ্গেই তাঁর দল ফাইনালে খেলুক। একই প্রত্যাশা সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিকোরও। না, আর্জেন্টিনা সময়ের সেরা ফুটবলার মেসির দল বলেই শুধু নয়, তারা যে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বীও! সাধারণ একটা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচেই যেখানে পরতে পরতে রোমাঞ্চ, সেখানে এই দুই দল বিশ্বকাপের ফাইনাল খেললে সে তো হবে ফুটবল রোমাঞ্চের চূড়ান্ত। আর ঠিক এ কারণেই সবার সঙ্গে সুর মিলিয়ে লুইস ফেলিপে স্কলারিরও চাইছেন ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল।
ফুটবল বিশ্বকাপের আট দশক পেরোলেও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল কখনো হয়নি । তবে এবারের ড্র সেই সম্ভাবনার মঞ্চ সাজিয়েছে আরও একবার। ‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের সঙ্গী মেক্সিকো, ক্রোয়েশিয়া ও ক্যামেরুন। ‘এফ’ গ্রুপে আর্জেন্টাইনরা মুখোমুখি হবে ইরান, নাইজেরিয়া ও বসনিয়ার। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে দুই লাতিন পরাশক্তি তাদের নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হবে এটা ধরেই রাখা যায়। তার মানেই হচ্ছে, ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনা দেখা হওয়ার সম্ভাবনা নেই। অবশ্য শর্ত হচ্ছে, দুই দলকেই এর আগে সব পরীক্ষায় উতরে যেতে হবে। একই ব্যাপার ঘটবে যদি দুই দলই গ্রুপ রানার্সআপ হয় তাহলেও। তবে দুই দলের যেকোনো একটি গ্রুপ রানার্সআপ হলে দেখা হবে সেমিফাইনালে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস অনেক বিচার-বিশ্লেষণ করে পূর্বাভাস দিয়েছে, বিশ্বকাপ এবার প্রথমবারের মতো উপহার দিতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা ধ্রুপদি ফাইনাল। স্কলারি অবশ্য এত বিচার-বিশ্লেষণ কিংবা পরিসংখ্যান ঘেঁটে বলেননি। বরং আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল ব্রাজিল কোচের হৃদয়ের চাওয়া, ‘আমরা আর্জেন্টিনাকে নিয়ে চিন্তিত নই। বরং চাই যেন ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হয়। দক্ষিণ আমেরিকান ফাইনাল, যেখানে খেলবে দারুণ দক্ষ সব ফুটবলার।’ প্রত্যাশিত সেই ফাইনালের আগে তাই আর্জেন্টিনার কোনো অমঙ্গল চান না ব্রাজিল কোচ, ‘আমি চাই না আগেভাগেই আর্জেন্টিনা বিদায় নিক। তবে যদি সেটা হয়ে যায় আমার কিছু করার নেই। আমার লক্ষ্য ব্রাজিলকে ফাইনালে তোলা।’
শতবর্ষ পুরোনো এই দ্বৈরথে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ৯৫ বার। লড়াইটা কত হাড্ডাহাড্ডি সেটার প্রমাণ দেয় দ্বৈরথের ফলও। ৩৬ জয় নিয়ে আর্জেন্টিনা সামান্য এগিয়ে, ব্রাজিল জিতেছে ৩৫ বার । ড্র হয়েছে বাকি ২৪টি ম্যাচ। বিশ্বকাপে অবশ্য সাফল্যের পাল্লাটা ব্রাজিলের দিকেই ঝুঁকে আছে। মোট চারবার মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে দুবার। আর্জেন্টিনার জয় একটি, গোলশূন্য ড্র হয়েছে অন্য ম্যাচটি। ওয়েবসাইট।