স্কলারিকে নেইমারের 'ধন্যবাদ'
নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কারোরই সংশয় নেই। এখন শুধু সেটা বিকশিত করার সময় ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। আর নিজের সক্ষমতা বাড়িয়ে নেওয়ার সব সুযোগ বেশ ভালোমতোই পাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্সেলোনায় মেসি, ইনিয়েস্তা, জাভিদের পাশে খেলার সুবাদে পাচ্ছেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ। আর জাতীয় দলের কোচ লুইস ফেলিপে স্কলারির তত্ত্বাবধানে উন্নয়ন ঘটাচ্ছেন নিজের রক্ষণাত্মক দিকগুলোরও। নিজের এই অগ্রগতির জন্য স্কলারির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নেইমার।
২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন স্কলারি। এবার নিজ দেশে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ জয়ের মিশনটিও স্কলারির তত্ত্বাবধানেই শুরু করবে সেলেসাওরা। ইতিমধ্যেই কনফেডারেশনস কাপ জিতিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নটা আরও জোরদার করেছেন স্কলারি। ব্রাজিলিয়ান এই কোচের প্রত্যাবর্তনে ব্যক্তিগতভাবে অনেক লাভবান হচ্ছেন দলের প্রাণভোমরা নেইমার। ক্ষুরধার আক্রমণ তো আছেই, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার দক্ষতাটাও বাড়িয়ে নিচ্ছেন ব্রাজিলের বিস্ময় বালক।
আর এ জন্য পুরো কৃতিত্বটাই নেইমার দিয়েছেন স্কলারিকে, ‘স্কলারি ব্রাজিলে ফেরার পর আমি এখন ফুল-ব্যাকদের সহায়তাতেও এগিয়ে যেতে পারি। আর বার্সেলোনার একটি প্রধান বৈশিষ্ট্য হলো, বল হারিয়ে ফেলার পর সেটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করে যাওয়া। এই ব্যাপারটাতে স্কলারি আমাকে অনেক সহায়তা করছেন।’
স্বাগতিক দেশ হিসেবে ২০১৪ সালের বিশ্বকাপে সরাসরিই অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল। যে কারণে আন্তর্জাতিক ম্যাচে খুব একটা দেখা যাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। কিন্তু মাঠে নামলেই তাদের বিধ্বংসী চেহারাটা দেখা যাচ্ছে ভালোমতোই। কনফেডারেশনস কাপ জয়ের পথে ব্রাজিল হারিয়েছিল ইতালি, উরুগুয়ে ও স্পেনকে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ব্রাজিল পেয়েছে ৬-০ গোলের বড় জয়।