স্কলারির অগ্নিমূর্তি
রাগী হেডমাস্টারের আড়ালেই লুিকয়ে আছে নাকি ছাত্রদের পছন্দের কৌতুকপ্রিয় এক শিক্ষক৷ কদিন আগেই এক সাক্ষাৎকারে দাবিটা করেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্কোস৷ এমনিতে রাশভারী হলেও শিষ্যদের সঙ্গে প্রায়ই হাসি-ঠাট্টাও করেন লুইস ফেলিপে স্কলারি৷ তবে মার্কোস এটাও যোগ করেছিলেন, রেগে গেলে স্কলারি ভয়ংকর৷ সেই ভয়ংকর রূপটা দেখা হয়ে গেল নেইমার-অস্কারদেরও৷ পরশু অনুশীলনে ফুটবলারদের ঢিলেমি দেখে বেজায় চটেছেন ব্রাজিল কোচ৷
আজ পানামার সঙ্গে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ৷ এর আগে পরশু অনুশীলনে প্রস্তুতি ম্যাচ খেলেছে নিজেরাই৷ প্রথম একাদশ ৩-২ গোলে হারিয়েছে দ্বিতীয় একাদশকে৷ গোল করেছেন নেইমার৷ স্কোরলাইন যদিও বলছে ম্যাচটা ভালোই জমেছে, আদতে ছাত্রদের পারফরম্যান্সে মোটেও খুশি হতে পারেননি স্কলারি৷ গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেই ক্ষোভটা লুকাননি ব্রাজিল কোচ, ‘আজকের ট্রেনিং আমার একটুও পছন্দ হয়নি৷ কিছুই ভালো লাগেনি আমার, সবকিছু ছিল ভুলে ভরা৷’ তবে শুধু রেগেই বসে থাকছেন না, সমস্যার সমাধানও করবেন বিগ ফিল, ‘যখন কোনো কিছু আমার পছন্দ হয় না, সমাধানও আমিই বের করি৷ এবারও করব৷ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কাজ করেই যাব৷’
এই ম্যাচ দেখতেও অনুশীলনে উপস্থিত নেইমারের নতুন বান্ধবী ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী ব্রুনা মারকেজিন৷ ম্যাচ দেখার চেয়ে ব্রুনাকে নিয়েই দর্শকের আগ্রহ ছিল বেশি৷ অটোগ্রাফ নিতে, ছবি তুলতে ছিল হুড়োহুড়ি৷ এএফপি৷