স্কলারির দল চূড়ান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের দেশে বিশ্বকাপ সামনে রেখে সব প্রস্তুতিই রাখছেন লুইস ফেলিপে স্কলারি। গত পরশু সাও পাওলোতে ‘ফুটবল ও মনস্তত্ত্ব’ বিষয়ে এক সেমিনারে যোগ দেওয়ার আগে জাতীয় দলের মনস্তত্ত্ববিদ রেজিনা ব্রান্দাওয়ের সঙ্গে কথা বলছেন ব্রাজিল কোচ  এএফপি
নিজেদের দেশে বিশ্বকাপ সামনে রেখে সব প্রস্তুতিই রাখছেন লুইস ফেলিপে স্কলারি। গত পরশু সাও পাওলোতে ‘ফুটবল ও মনস্তত্ত্ব’ বিষয়ে এক সেমিনারে যোগ দেওয়ার আগে জাতীয় দলের মনস্তত্ত্ববিদ রেজিনা ব্রান্দাওয়ের সঙ্গে কথা বলছেন ব্রাজিল কোচ এএফপি

‘হেক্সা আর কত দেরি?’—বিশ্বকাপের আগে ব্রাজিলের বাতাসে কান পাতলে এই আকুলতাই বেশি শোনা যাবে। ৬৪ বছর পর সাম্বার দেশে ফিরছে বিশ্বকাপ। ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় নাকি! ষষ্ঠ শিরোপা স্বপ্নের সারথি কোচ লুইস ফেলিপে স্কলারিই এনে দিয়েছিলেন পঞ্চম শিরোপা। ‘বিগ ফিল’ পারবেন তো এবার?
ভবিষ্যৎই দেবে উত্তর। তবে ২০০২ বিশ্বকাপে দলকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, সাফল্যের সেই রেসিপি এবারও পরখ করে দেখতে চাইছেন স্কলারি। কাফু ছিলেন সেবার অধিনায়ক, কিন্তু পুরো দল এককাট্টা ছিল চার সিনিয়র খেলোয়াড়ের ছায়ায়। তাঁদেরই একজন পোড় খাওয়া ডিফেন্ডার রকু জুনিয়র, যাঁকে বলা হতো দলের সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড়দের একজন। সতীর্থদের উদ্দীপ্ত করার কাজটা করতেন রবার্তো কার্লোস। রোনালদো-রিভালদো তো ছিলেনই।
এবার থিয়াগো সিলভা নিয়মিত অধিনায়ক। তবে দলকে এক সুতোয় গাঁথার কাজটা স্কলারি দিয়েছেন আরও তিনজনের ওপর—চেলসি ডিফেন্ডার ডেভিড লুইজ, এমএলএস ক্লাব টরন্টোর গোলরক্ষক হুলিও সিজার ও ফ্লুমিনেন্স স্ট্রাইকার ফ্রেড। এই তিনজনকেও অধিনায়ক করা হতে পারে কোনো না কোনো ম্যাচে। যার অর্থ, দলে এই চারজনের জায়গা মোটামুটি পাকাই।
এটা অবশ্য এমন কোনো চমক নয়। গত কনফেডারেশনস কাপেই তো এই খেলোয়াড়েরা সবাই খেলেছিলেন। ২৩ জনের স্কোয়াডে বাকি খেলোয়াড় কারা হবেন, সেটিই এখন বড় কৌতূহল।
পরশু সাও পাওলোর সাও জুদাস টাডিউ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন স্কলারি। সেখানেই এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সৌভাগ্যবানদের নাম একরকম ঠিকই করে ফেলেছেন বলে জানালেন, ‘আমার কোনো সংশয় নেই। কিন্তু সব লিগ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত কী হয় কিছু বলা যায় না।’
কিন্তু যাদের বেছে নিয়েছেন, তাঁরা কি এটা জানেন? স্কলারি বলছেন, খেলোয়াড়েরা দূরে থাক, সহকারী কার্লোস আলবার্তো পাহেইরাকে পর্যন্ত কিছু জানাননি। ‘দুজন যদি কিছু জানে, সেটা কখনো গোপন কিছু হতে পারে না। এমনকি একজন যদি আপনার স্ত্রীও হয়’—স্কলারির রসিকতা। তবে পরক্ষণেই ব্রাজিল কোচের কণ্ঠ গম্ভীর, ‘তেমন কোনো চমক নেই। আপনি নিজে একটা তালিকা বানালেও তার ২২ জন হয়তো মিলে যাবে।’
তবে ‘বলব না, বলব না’ করেও আরও কিছু নাম স্কলারি জানিয়েই দিলেন। চেলসির অস্কার, উইলিয়ান, মাতা ও টটেনহামের পাউলিনহোর জন্য সুসংবাদ—স্কলারির তালিকায় আছেন তাঁরা। বাকিদের নাম জানা যাবে ৭ মে।
ব্রাজিলের মতো ফুটবলারপ্রসূত দেশে ২৩ জন বেছে নেওয়া একটা ‘সমস্যা’ই বটে। তবে স্কলারি হয়তো নেইমারকে নিয়েই বেশি চিন্তিত। এই মুহূর্তে চোটের ধাক্কায় মাঠের বাইরে নেইমার, বার্সেলোনায় প্রথম মৌসুমটাও খুব একটা ভালো কাটেনি। স্কলারি অবশ্য তুরুপের তাসকে নিয়ে উদ্বেগ থাকলেও তা চেপেই গেলেন, ‘নেইমার সব সময়ই ঠিক আছে। ওর দলও খুব একটা ভালো করছে না। আন্তর্জাতিক ম্যাচে ও সব সময়ই ভালো। স্পেনে ওকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, আমি ব্যাপারটা অন্যভাবে দেখছি। আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই।’ রয়টার্স।