বিরতির আগে ২-০ গোলে এগিয়ে থাকা দলের কোচের কপালে দুশ্চিন্তার রেখা বড্ড বেমানান। কিন্তু শিষ্যরা যেভাবে খেলছিল, পোড়-খাওয়া লুইস ফেলিপে স্কলারি বুঝতে পারছিলেন, দ্বিতীয়ার্ধে কোমর বেঁধে না নামলে ম্যাচ জেতা অসম্ভব। যা-ই বলে থাকুন না কেন স্কলারি, শিষ্যরা সেটি উল্টোভাবেই বুঝেছে নিশ্চিত। কারণ ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের গোড়াতেই দুই মিনিটের মধ্যে দুটি গোল খেয়ে বসল! এএফপি, রয়টার্স।শেষ পর্যন্ত অবশ্য হারতে হয়নি। ইতালির বিপক্ষে ৩০ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রেখেই মাঠ ছেড়েছে ব্রাজিল। কিন্তু তাতে স্কলারির দুশ্চিন্তা কমেনি। পরশু সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল এমন কিছু খেলেনি যাদের ঘিরে মাত্র এক বছর তিন মাস পরে শুরু হতে যাওয়া ঘরের মাঠের বিশ্বকাপে আশাবাদী হতে পারে সমর্থকেরা। ৩২ মিনিটে ফ্রেড এবং ঠিক ১০ মিনিট পর নেইমারের দুর্দান্ত পাসে অস্কারের গোলে এগিয়ে গিয়েছিল বটে। কিন্তু সেটি ছিল একেবারেই স্রোতের বিপরীতে।ইতালিই বরং তৈরি করছিল একের পর এক সুযোগ। পরিসংখ্যানও বলছে, সব মিলিয়ে ম্যাচে ২২টি গোলের সুযোগ তৈরি করেছিল ‘রক্ষণশীল’ ইতালিয়ানরা, নয়টি শটই ছিল গোলমুখে। সাতটি সেভ করেছেন হুলিও সিজার। বেশ কয়েকবারই বঞ্চিত করেছেন দুর্দান্ত খেলা মারিও বালোতেল্লিকে। শেষ পর্যন্ত ৫৬ মিনিটে এই বালোতেল্লির দারুণ এক গোলে সমতায় ফেরে ইতালি। ঠিক দুই মিনিট আগে ব্যবধান কমিয়ে দিয়েছিলেন ড্যানিয়েলে ডি রসি। ব্রাজিলের গোলরক্ষক সিজারসহ রক্ষণভাগ এদিন ভালো না খেললে আর কয়েকটি ভালো সুযোগ ইতালি হাতছাড়া না করলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। হলুদ জার্সির বিপক্ষে যাদের সর্বশেষ জয়টি এসেছিল সেই ১৯৮২ বিশ্বকাপের আলোচিত ম্যাচে। ম্যাচ ড্র হয়েছে বটে, তবে ম্যাচের আধিপত্যের লড়াইটায় নিশ্চিতভাবেই হেরেছে ব্রাজিল।দ্বিতীয় দফায় দলের দায়িত্ব নিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পাননি। সবচেয়ে বড় কথা, শিষ্যদের খেলার ধরন যে পছন্দ হচ্ছে না, সেটি স্কলারিকে দেখলেই বোঝা যায়। ‘বিগ ফিল’ অবশ্য ম্যাচ শেষে শিষ্যদের আড়াল করলেন এই বলে, ‘আমরা অবশ্যই উন্নতি করছি। দল যেভাবে খেলেছে সেটা আমার ভালোই লেগেছে। ওরা সমতা এনে ফেলার পর আমাদের মরিয়া হয়ে ওঠা উচিত ছিল। সেটি পারিনি। তবে তার পরও মনে করি, খেলোয়াড়েরা ভালো খেলেছে।’ ব্রাজিল ‘উন্নতি করছে’ বলে রায় দিলেন সিজার প্রানদেল্লিও। তবে ইতালির কোচ বেশি আশাবাদী তাঁর দল নিয়েই। বিশ্বকাপের আর খুব বেশি বাকিও কিন্তু নেই!