গোলে ফিরলেন নেইমার, সোনালি দিনগুলোকে মনে করিয়ে দিলেন রোনালদিনহো। দুই সময়ের দুই সেরার দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিল দলের সঙ্গে নিজের দ্বিতীয় অধ্যায়ে কোচ লুইস ফেলিপে পেলেন প্রথম জয়। বলিভিয়ায় গিয়ে বলিভিয়াকে হারানো বরাবরই ফুটবলের কঠিনতম কাজগুলোর একটি। সেই কঠিন কাজটিই পরশু অনায়াসে করল শুধু দেশে খেলা ফুটবলারদের নিয়ে গড়া স্কলারির দল। যদিও বিশ্বের সর্বোচ্চ রাজধানী লাপাজে নয়, ম্যাচটি হয়েছে সান্তা ক্রুজ ডে লা সিয়েরাতে। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ৪-০ গোলে।এমনিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু এটি সত্যিকার অর্থেই ছিল ‘প্রীতি’ ম্যাচ। গত ফেব্রুয়ারিতে বলিভিয়ার অরুরোতে কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের করিন্থিয়ানস ও বলিভিয়ার সান হোসের ম্যাচে সংঘর্ষে আগুন লেগে অকালমৃত্যু হয় করিন্থিয়ানস-ভক্ত এক কিশোরের। ১৪ বছর বয়সী সেই ফুটবলপ্রেমী, কেভিন বেলট্রান এসপাদার পরিবারকে আর্থিক সাহায্য করতেই এই ম্যাচের আয়োজন। রয়টার্স, ওয়েবসাইট।ইউরোপের ক্লাব ফুটবলে চলছে ব্যস্ত সময়, তাই দেশে খেলা ফুটবলারদের নিয়েই মাঠে নামতে হয় স্কলারিকে। লিয়ান্দ্রো দামিয়াও তিন মিনিটেই এগিয়ে দেন ব্রাজিলকে। ৩০ ও ৪১ মিনিটে দুটি গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেন নেইমার। রোনালদিনহোর পরিবর্তে মাঠে নামা লিয়ান্দ্রো ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পূর্ণ করেন গোলের হালি। রাশিয়া ও ইতালির বিপক্ষে নিষ্প্রভ থাকা নেইমার অবশেষে খুলতে পেরেছেন এ বছর আন্তর্জাতিক গোলের খাতা।তবে গোল না করেও ম্যাচের মূল নায়ক রোনালদিনহো। অধিনায়কের আর্মব্যান্ড হাতে ৭৭ মিনিট মাঠে ছিলেন, পুরো সময়টাই ছিলেন দলের প্রাণভোমরা। শুধু নেইমারের গোল বানিয়ে দেওয়াই নয়, দাপিয়ে বেড়িয়েছেন পুরো মাঠ। ব্রাজিলের জার্সি গায়ে অনেক দিন পর প্লে-মেকারের হিসেবে স্বাধীনতা নিয়ে খেলতে পেরেছেন, আর নিজের প্রিয় ভূমিকা পেয়েই যেন দেখিয়ে দিলেন হারানো দিনের ঝলক। দুবারের ফিফা বর্ষসেরা সুযোগ পেয়ে কোচের কাছে কৃতজ্ঞ, ‘কোচ আমাকে বলেছিলেন অ্যাটলেটিকো মিনেইরো হয়ে যেভাবে খেলি, ঠিক সেভাবেই খেলতে। কোচকে খুশি করতে পেরে ভালো লাগছে। নিজের কাছেই মনে হচ্ছে, আমি আবার ভালো খেলছি।’