স্কলারির পর দুঙ্গা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শেষে কোচদের পালাবদল নতুন কিছু নয়।ব্রাজিল-আর্জেন্টিনায়ও লেগেছে সেই হাওয়া। তবে ব্রাজিলে যেখানে লুইস ফেলিপে স্কলারি ব্যর্থতার দায় নিয়ে সরে গেছেন, আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা দলকে ফাইনালে তুলে নিজেই দিয়েছেন সরে যাওয়ার আভাস

কার্লোস দুঙ্গা
কার্লোস দুঙ্গা

ব্রাজিলে কি আবারও ফিরে আসবে দুঙ্গা-যুগ? এখনো কিছু নিশ্চিত হয়নি, তবে ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়কই নাকি লুইস ফেলিপে স্কলারির উত্তরসূরি হচ্ছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর।

স্কলারি সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর বেশ কয়েকজনের নামই ভাসছে বাতাসে। করিন্থিয়ানসকে ২০১২ ক্লাব বিশ্বকাপ জেতানো তিতের নামটাই শোনা যাচ্ছিল বেশি।সাও পাওলো কোচ রামালহোকে নিয়েও চলছে জল্পনা-কল্পনা। কিন্তু রয়টার্স জানাচ্ছে, এই মুহূর্তে দৌড়ে দুঙ্গাই এগিয়ে।

গুঞ্জনটা আরও বেশি ডালপালা ছড়িয়েছে অন্য কারণে।কদিন আগেই ব্রাজিলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন গিলমার রিনালদি।দুঙ্গার সঙ্গে আবার তাঁর সুসম্পর্কের কথাটা সর্বজনবিদিত। ১৯৯৪ বিশ্বকাপে দুজন ছিলেন সতীর্থ। রয়টার্স জানাচ্ছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে দুঙ্গার কথাবার্তা এই সপ্তাহেই শুরু হয়ে অনেক দূর নাকি এগিয়েও গেছে। পুরো ব্যাপারটাতে গিলমারও প্রত্যক্ষভাবে জড়িত। সবকিছু ঠিক থাকলে আবার তাই দেখা যেতে পারে দুঙ্গাকে।

২০০৬ বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন দুঙ্গা।শুরুটা হয়েছিল দুর্দান্ত—প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছিলেন জয়। ২০০৭ সালে কোপা আমেরিকা জিতিয়েছিলেন।২০০৯ সালে কনফেডারেশনস কাপও আসে দুঙ্গার হাত ধরেই। কিন্তু ২০১০ বিশ্বকাপে খেতে হয় হোঁচট।হল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। ব্যর্থতার খেসারত দিয়ে চাকরি হারান দুঙ্গা।এ সময় ব্রাজিলকে ৬০টি ম্যাচের ৪২টিতে জিতিয়েছেন, ১২টি ড্র করিয়েছেন আর হেরে গেছেন ছয়টিতে।

তবে ২০১০ সালে ব্রাজিল-অধ্যায়ের তিক্ত অবসানের পর দুঙ্গার সময়টা কিন্তু একদম ভালো যায়নি। ২০১২ সালে দায়িত্ব নিয়েছিলেন পুরোনো ক্লাব ইন্টারন্যাসিওনালের।টানা চার ম্যাচ হারার পর গত অক্টোবরে চাকরি হারাতে হয় তাঁকে।

দুঙ্গা, তিতে, রামালহো নাকি অন্য কেউ সেটা জানার জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। কালই জানা যাবে ব্রাজিলের নতুন কোচ কে হচ্ছেন।রয়টার্স।