স্কলারির ফেবারিট বার্সেলোনা
দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে যেন বার্সেলোনাকেই একটা বার্তা পাঠাতে চেয়েছে তারা। তবে লুই ফেলিপ স্কলারি মনে করেন, লাভ হবে না। শিরোপা জিতবে বার্সেলোনাই।কোচ হিসেবে তিন দলের অভিজ্ঞতা ঝুলিতে। সেই বিশাল ভাঁড়ার থেকেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কোচ বলছেন, ১০ পয়েন্টের ব্যবধান বার্সা চারে নামিয়ে আনাতেই সর্বনাশ হয়েছে রিয়ালের, ‘১০ পয়েন্টের অগ্রগামিতার সুবিধা আর পাচ্ছে না মাদ্রিদ। ওদের খেলোয়াড়দের জন্য এটা মানসিক বাধা হিসেবে দেখা দেবে। খেলার যে মানসিক লড়াইটা থাকে, সেটা এখন বার্সেলোনার পক্ষে যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদেরই এখন বেশি।’‘বিগ ফিল’ নামে পরিচিত এই ৬৩ বছর বয়সী অবশ্য মনে করেন, শেষ পর্যন্ত শিরোপা-নির্ধারক হয়ে উঠবে ২১ এপ্রিলের এল ক্লাসিকো। পালমেইরাসের কোচ হয়ে ব্রাজিলে ফিরে যাওয়া স্কলারি বলছেন, ‘মাদ্রিদকে হারাতে পারলে বার্সারই শিরোপা জেতার সম্ভাবনা বেশি থাকবে। তবে মাদ্রিদ যদি জেতে বা ড্র করে, ওরাই জিতবে শিরোপা।’