স্কলারির বিশ্বাস ফেরানোর মিশন

কনফেডারেশনস কাপ শুরুর আগে শুধু সমালোচনাই ছিল ব্রাজিলের সঙ্গী। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় দিয়ে বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতাটি শুরু করেছিল সেলেসাওরা। ফিফা র্যাঙ্কিংয়েও অবনমনের নতুন রেকর্ড গড়ে নেমে গিয়েছিল ২২ নম্বরে। কিন্তু কনফেডারেশনস কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের জবাবটা বেশ ভালোমতোই দিয়েছেন ফেলিপ স্কলারির শিষ্যরা। টানা চারটি ম্যাচ জিতে চলে এসেছে শিরোপার দ্বারপ্রান্তে। এখন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই টানা তৃতীয়বারের মতো ঘোষণা করতে পারবে শ্রেষ্ঠত্বের বার্তা। তবে কোচ স্কলারির কাছে শিরোপা জয়ের গুরুত্বটা অন্য জায়গায়। এই জয়টা দিয়ে সমর্থকদের বিশ্বাস অর্জন করতে চান স্কলারি, যা এই মুহূর্তে খুব বেশি করেই দরকার ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজকদের।
সরকারের নানা গণবিরোধী নীতি ও সিদ্ধান্তের কারণে সম্প্রতি বিক্ষোভ-আন্দোলনে উত্তাল হয়েছে পুরো ব্রাজিল। মাঠে যখন শিরোপা জয়ের লড়াইয়ে ঘাম ঝরাচ্ছেন অস্কার-নেইমার-ফ্রেডরা, তখন স্টেডিয়ামের বাইরেই পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে ব্রাজিলের বিক্ষুব্ধ সাধারণ মানুষদের। এর মধ্যে কনফেডারেশনস কাপের শিরোপাটা আনন্দে ভাসাতে পারে ফুটবলপাগল ব্রাজিলিয়ানদের। কিছুটা শান্তি আসতে পারে ক্ষোভে উত্তাল ব্রাজিলে। তবে কাজটা যে মোটেই সহজ হবে না, সেটা নিঃসন্দেহেই বলা যায়। কারণ শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। ২০১০ সালের পর টানা ২৯টি ম্যাচে হারের মুখ দেখেনি লা রোজারা। তাই বলে তাদের যে হারানোই যাবে না, এমনটাও মনে করছেন না স্কলারি। বলেছেন, ‘স্পেন একটা দুর্দান্ত দল। কিন্তু তাদেরও দুর্বলতা আছে আর তাদের হারানোও সম্ভব। আমার কাছে এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা ব্রাজিলের সমর্থকদের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করতে পারব।’
১৯৫০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। সেবার ফাইনাল পর্যন্ত গিয়েও হতাশ হতে হয়েছিল উরুগুয়ের কাছে হেরে। পুরো ব্রাজিলেই নেমে এসেছিল শোকের ছায়া। এবার তাই কোনোভাবেই নিজ দেশে শিরোপা জয়ের মোক্ষম সুযোগটি হাতছাড়া করতে চায় না পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। কনফেডারেশনস কাপের শিরোপাটা জিততে পারলে নিজেদের সত্যিকারের ফেবারিট হিসেবেও ঘোষণা করতে পারবে স্বাগতিকেরা। কোচ স্কলারিও বলেছেন এমনটাই, ‘আমরা সবাইকে দেখাতে পারব যে, ২০১৪ সালের বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য আমরা সঠিক পথেই আছি।’— রয়টার্স