স্কলারির ভাবনায় রোনি-কাকাও
নিজেদের মাটিতে বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপকে ব্রাজিলিয়ানরা তাই নিয়েছে নিজেদের গৌরব ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে। ষষ্ঠ বিশ্বকাপের জন্য আর অপেক্ষায় থাকতে চায় না ব্রাজিল। সে লক্ষ্যেই গড়ে তোলা হচ্ছে দল। ২০১০ বিশ্বকাপের পর থেকেই তারুণ্যকে বিজ্ঞাপন করে চলছে নিরীক্ষা। কনফেডারেশনস কাপের ফাইনালে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে যেভাবে নাচিয়ে ছাড়লেন নেইমার-ফ্রেড-অস্কাররা, মনে হচ্ছে বিশ্বকাপের জন্য কাঙ্ক্ষিত দলটি হয়তো পেয়েও গেছে ব্রাজিল।কিন্তু কোচ লুইস ফেলিপে স্কলারি স্পষ্টই জানিয়ে দিলেন, বিশ্বকাপে কে খেলবে আর কে খেলবে না, সেটা এখনো নিশ্চিত নয়। দল নিয়ে তাঁর আরও পরীক্ষা চলবে। পরিকল্পনায় রোনালদিনহো, কাকাও আছেন ভালোমতোই। মানে, রোনালদিনহো-কাকার বিশ্বকাপ খেলার স্বপ্ন একেবারে শেষ হয়ে যায়নি!গত নভেম্বরে স্কলারি দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচ হয়ে আসার পর ঘুরিয়ে-ফিরিয়ে দুজনকেই দলে ডেকেছেন, খেলিয়েছেন। কিন্তু স্কলারির পরীক্ষায় যথেষ্ট নম্বর না পাওয়ায় কনফেডারেশনস কাপের দলে ছিলেন না কেউই। বিশ্বকাপ-ভাবনায় স্কলারি তরুণদের ওপরই আস্থা রাখেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন নেইমার-অস্কাররা। আগে যা-ই হোক, সাম্বার ছন্দে কনফেডারেশনস কাপের পাঁচ ম্যাচেই জিতে স্কলারির তরুণ সেনানীরা বার্তা দিয়েছেন, তাঁরা বিশ্বকাপের জন্য প্রস্তুত। সেটা স্বীকার করেও অনেকেই মনে করেন, তারুণ্যদীপ্ত দলটায় অভিজ্ঞতা মেশাতে পারলে আরও ভালো হবে। ৬৪ বছর বয়সী স্কলারিও ইঙ্গিত দিলেন তেমনটাই, ‘২০১৪ বিশ্বকাপের দলে সেরা খেলোয়াড়দের নেওয়াটা নিশ্চিত করতে আমরা ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়ের ওপরই দৃষ্টি রাখব। ইউরোপ এবং ব্রাজিল যেখানেই খেলুক।’ ইতালপ্রেসকে স্কলারি এটাও বলেছেন, ‘সবাইকে একই চোখে পর্যবেক্ষণ করা হবে এবং প্রত্যেকেই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবে। প্রত্যেকের জন্যই দলের দরজা খোলা। ইতিমধ্যেই আমি দারুণ একটা দল পেয়েছি। তবে আমি তাদের বিশ্বকাপের জন্য প্রতিশ্রুতি দিতে পারব না। আমি বিশ্লেষণ করব এবং প্রত্যেক বড় খেলোয়াড়ের জন্যই আমরা দরজা খোলা রাখব।’ ওয়েবসাইট।