স্কলারির স্বস্তি, প্রাপ্তি উরুগুয়েরও
মিনেইরো হতে যাচ্ছিল পঞ্চাশের মারাকানা!
কিন্তু শেষ মুহূর্তে পাওলিনহোর গোল আর লুইস ফেলিপে স্কলারির হাঁফ ছেড়ে বাঁচা। জিতল ব্রাজিল। যদিও সে জয় কতটা ‘ব্রাজিলীয়’ হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। নেইমারের দু-একটা ‘ম্যাজিক টাচ’ ছাড়া চোখে লেগে থাকার মতো মুহূর্ত নেই। যে দুটি গোল করল ব্রাজিল তাতে যত না সাম্বার জাদু, তার চেয়ে বেশি হিসাব-নিকাশের ছোঁয়া। সব মিলিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচের চেয়ে পরশু রাতের ব্রাজিল আসলেই কিছুটা ফিকে।
এমন কিছু সমালোচনা হবে এটা বোধ হয় জানা ছিল স্কলারির। ম্যাচ শেষে তাই রাখঢাক না রেখেই স্বীকার করলেন সত্যটা, ‘গত ১০ বছরে আমার জন্য সবচেয়ে আবেগঘন ম্যাচ ছিল এটা। আমি জানি আমরা ভালো খেলতে পারিনি। নতুন বলে দলটা এখনো গুছিয়ে ওঠেনি। আমাদের আরও পরিণত হতে হবে এবং এ ধরনের ম্যাচগুলো তাতে সাহায্য করবে।’ তবে এই গুছিয়ে ওঠার পাশাপাশি ভক্তদের মন জয় করাও জরুরি। এবং কনফেডারেশনস কাপের ফাইনালে ওঠার মাধ্যমে ব্রাজিল সেটা করতে পেরেছে বলেও মনে করেন স্কলারি, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরোনো এবং তারপর ফাইনাল খেলা। জয় ছাড়া সেটা সম্ভব ছিল না এবং আমরা সেটা করতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’ এই ফাঁকে দল নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাও জানাতেও ভুলেননি ব্রাজিল কোচ, ‘আমি চাই খেলোয়াড়েরা ধীরে ধীরে দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে উঠুক। সমর্থকেরা বিশ্বাস করতে শিখুক যে আমাদের দলটা ভালো এবং আমরা বিশ্বকাপের ফাইনাল খেলতে পারব।’
ফাইনাল দূরের কথা, বিশ্বকাপে খেলাটাই এখনো নিশ্চিত করতে পারেনি উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ধুঁকতে থাকা উরুগুয়ে এ টুর্নামেন্টকে নিয়েছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে। সেমিফাইনাল পর্যন্ত আসা এবং সেখানে ব্রাজিলের সঙ্গে পারফরম্যান্স উরুগুয়েকে সেই আত্মবিশ্বাস দিয়েছে বলেই মনে করেন কোচ অস্কার তাবারেজ, ‘এভাবে খেলতে পারলে কাউকেই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। বাছাইপর্বের বাকি ম্যাচগুলোর জন্য এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি আমরা।’ কোচের কথার প্রতিধ্বনি ব্রাজিলের সঙ্গে একমাত্র গোলটা করা এডিনসন কাভানির কণ্ঠেও, ‘আমরা মাথা উঁচু করেই ফিরে যাচ্ছি। এখন আমাদের ভাবনায় শুধু বিশ্বকাপ।’ এএফপি।