স্কুডেট্টো ধরেই ফেলল জুভেন্টাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি ‘আ’র শিরোপা লড়াইটা কি কার্যত শেষ হয়ে গেল?
ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি জুভেন্টাস-রোমার ম্যাচের আগেই বলেছেন, জুভেন্টাস জিতলে লিগ শেষ হয়ে যাবে। সিরি ‘আ’টা আরও বেশি বিরক্তিকর হয়ে পড়বে। পরশু তুরিনের ম্যাচটা গুয়াংজু এভারগ্রান্ডের কোচ লিপ্পির শঙ্কাটাই বড় করে তুলেছে। নিজেদের মাঠে জুভেন্টাস ৯ জনের দল হয়ে পড়া রোমাকে হারিয়েছে ৩-০ গোলে। থেমে গেছে রোমার অপরাজিত দৌড়, যা বহমান ছিল ১৭ ম্যাচে।
প্রতিপক্ষকে প্রথম হার উপহার দেওয়াই শুধু নয়, এই জয়ে রোমার চেয়ে জুভেন্টাস এগিয়ে গেল ৮ পয়েন্টে। তৃতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে ব্যবধান ১০ পয়েন্ট। ১৮ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৪৯, রোমার ৪১। কাল সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারানো নাপোলির পয়েন্ট ৩৯। ১৮ ম্যাচের ১৬টিতেই জেতা জুভেন্টাসকে কি আদৌ ধরতে পারবে রোমা বা অন্য কেউ? পরশুর হারের পর রোমার কোচ রুডি গার্সিয়া অন্তত শিরোপার আশা ছেড়ে দিয়েছেন!
দলের হারের কারণ হিসেবে লাল কার্ড দুটিকেও দায়ী করেননি রোমা কোচ। কারণটাও অনুমেয়। ৭৫ ও ৭৬ মিনিটে পরপর দুটি লাল কার্ড পায় রোমা। দলের বিপদ বাড়িয়ে মাঠ ছাড়েন ড্যানিয়েলে ডি রসি ও লিয়ান্দ্রো কাস্তান। তার আগেই আরতুরো ভিদাল ও লিওনার্দো বোনুচ্চির গোলে ২-০-তে এগিয়ে যায় জুভেন্টাস। মার্কো ভুচিনিচ তৃতীয় গোলটা করেছেন ৭৭ মিনিটে, পেনাল্টি থেকে। ম্যাচ শেষে রুডি গার্সিয়া তাই বাস্তববাদী, ‘এই মৌসুমে আমাদের লক্ষ্য ইউরোপে যাওয়া (চ্যাম্পিয়নস লিগ) নিশ্চিত করা। কাজেই দ্বিতীয় স্থানটা আমাদের জন্য সঠিক অবস্থানই।’ তবে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে মনে করেন না লিগ এখনই শেষ, ‘এখনো মৌসুমের অর্ধেক ম্যাচ বাকি। যেকোনো কিছুই ঘটতে পারে।’
কাল নাপোলির হয়ে দুটি গোলই করেছেন বেলজিয়ান মিডফিল্ডার দ্রিয়েস মেরতেঞ্জ। জয় পেয়েছে এসি মিলানও। আটালান্টাকে হারিয়েছে ৩-০ গোলে। জোড়া গোল করেছেন কাকা। প্রথম গোলটা ছিল মিলানের ব্রাজিলিয়ান প্লে-মেকারের শততম গোল। এই জয়ে মিলানের পয়েন্ট হলো ২২। এএফপি।