স্কুপ আর ইয়র্কারের লড়াই!

একজন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বছর খানেক, আরেকজনের নয় বছরের ক্যারিয়ার। একজন দলের সবচেয়ে বড় ভরসা, আরেকজন জায়গা পাকা করতে লড়ছেন। একজনের আলোয় বিশ্ব ক্রিকেট আলোকিত অনেক দিন ধরেই, আরেকজন কেবল আলো ছড়াতে শুরু করেছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ইংল্যান্ড-শ্রীলঙ্কা লড়াইয়ের আগে এই দুজনের ওপরই পাদপ্রদীপের আলোটা থাকবে বেশি। একজন লাসিথ মালিঙ্গা, আরেকজন জস বাটলার। আরও নির্দিষ্ট করে বললে আলোচনায় আসলে মালিঙ্গার ইয়র্কার আর বাটলারের স্কুপ।
অভিজ্ঞ বোলারের সবচেয়ে ভয়ংকর মারণাস্ত্র ইয়র্কার, তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানের সবচেয়ে কার্যকরী শট স্কুপ। সব দিক থেকেই দুই প্রান্তের দুজন আজকের ম্যাচের আগে এই একটা জায়গায় থাকছেন সমান্তরাল। বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের আতঙ্ক মালিঙ্গা। বিশেষ করে স্লগ ওভারে, তাঁর নিখুঁত ইয়র্কারের কারণে। আর পায়ের নিচে মাটি খুঁজে পাওয়ার এই দিনগুলোতেই বোলারদের ত্রাস হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন বাটলার। বিশেষ করে স্লগ ওভারে, চোখ ধাঁধানো সব স্কুপ খেলে।
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই এক অস্ত্রেই দুজনের আছে বিস্ময়কর বৈচিত্র্য। সাধারণত তিন ধরনের ইয়র্কার করেন মালিঙ্গা—প্রথাগত, রিভার্স সুইঙ্গিং ও স্লোয়ার। বাটলারও খেলেন তিন ধরনের স্কুপ—লেংথ বলের জন্য ‘প্রথাগত’ স্কুপ, যেটা পরিচিতি পেয়ে গেছে দিল স্কুপ নামে। ফুলার লেংথ বলের জন্য সুইভল স্কুপ—অফ স্টাম্পের দিকে অনেকটা সরে লেগের দিকে ৯০ ডিগ্রি ঘুরে পাঠিয়ে দেন ফাইন লেগ দিয়ে। আর রিভার্স স্কুপ—সবচেয়ে উদ্ভাবনী ও তাৎক্ষণিক শট, স্কুপ করতে গিয়ে যদি দেখেন বল অফ স্টাম্পের বেশ বাইরে, তাহলে ব্যাট উল্টো ঘুরিয়ে ফ্লিক করে পাঠিয়ে দেন থার্ডম্যানে।
সপ্তাহ খানেক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৪৭ রানের ইনিংসটা খেলার পথে এসব স্কুপের পসরা মেলে নাস্তানাবুদ করে ছেড়েছেন মিলস-সাউদির মতো অভিজ্ঞ বোলারদের। মালিঙ্গা যেমন দুর্ধর্ষ ফর্মে আছেন, তাতে তাঁর বিপক্ষে কাজটা কঠিন। সেটা মানছেন বাটলারও। তবে বাটলারের তরুণ রক্ত টগবগ করে ফুটছে, ‘রিভার্স সুইং ও ইয়র্কারে যেকোনো শট খেলাই কঠিন। তবে আমার খেলার বড় একটি অংশ স্কুপ। অনেক অনুশীলন করি এই শট। পরিস্থিতি যদি পক্ষে থাকে, স্কুপ খেলতে বিন্দুমাত্র পিছপা হব না। চ্যাম্পিয়নস লিগে সমারসেটের হয়ে মালিঙ্গার বিপক্ষে খেলেছি, তখন বেশি রান করতে পারিনি। ও বিশ্বমানের বোলার, সবাই জানে কতটা ভালো। তবে আমিও আত্মবিশ্বাসী, আশা করি এবার ভালো করব। ও ভিন্ন ধরনের বোলার। তবে শুরুর সময়ের চেয়ে এখন ওকে খেলতে অনেকটাই অভ্যস্ত সবাই।’
বাটলারের দাবি হয়তো ঠিক। তবে মালিঙ্গার গ্রেটনেস এখানেই যে অভ্যস্ত হয়ে ওঠার পরও তাঁকে খেলতে খাবি খায় বিশ্বের সব ব্যাটসম্যান। কিউই ব্যাটসম্যানরা যেমন বুঝেছেন গত ম্যাচে। ১৩৮ রান তাড়া করতে নেমে কিউইরা হারতে বসেছিল মালিঙ্গার কারণেই। বৈচিত্র্যময় সব ইয়র্কারে মালিঙ্গা তুলে নিয়েছিলেন ৪ উইকেট।
মালিঙ্গাকে চেনেন বলেই তাঁর হয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করলেন মাহেলা জয়াবর্ধনে। খানিকটা হুমকিও দিয়ে রাখলেন সাবেক অধিনায়ক, ‘মালিঙ্গার বিপক্ষে ওরা স্কুপ খেলার চেষ্টা করুক না, দেখি ওরা পারে কিনা। অনেকেইে ওর বিপক্ষে স্কুপ খেলার চেষ্টা করেছে। কেউ পেরেছে, কেউ পারেনি। কেউ কেউ আঘাতও পেয়েছে। নেটে আমিও চেষ্টা করেছি, কিন্তু পায়ে, কবজিতে আঘাত পেয়েছি। আমি আর মালিঙ্গার বলে এই শট খেলতে চাই না। ওরা খেলতে চাইলে সেটা ওদের ব্যাপার। ওদের জন্য শুভকামনা থাকল!’
কথার লড়াই দারুণ জমেছে, আজ জমবে হয়তো স্কুপ-ইয়র্কারের লড়াইও। আর এই লড়াইয়ের ফলই হয়তো গড়ে দেবে ম্যাচের ভাগ্য! এএফপি, ওয়েবসাইট।
ইংল্যান্ড-শ্রীলঙ্কা মু খো মু খি
ম্যাচ ইংল্যান্ডশ্রীলঙ্কা
মোট ৫০ ২৬ ২৪
ইংল্যান্ডে ২০ ১১ ৯