স্কুল ক্রিকেটে সেরা বিকেএসপি
অঙ্কুর স্কুল দলের কোচ আবদুল গাফফার হাজীকে পুরস্কার বিতরণীর মঞ্চে পাওয়া গেল বিষণ্ন মুখে। ঠিক উল্টো দিকেই বিকেএসপির কোচ মতিউর রহমান তাঁর শিষ্যদের নিয়ে আনন্দে ঝলমল করছেন। দুই কোচের দুই রকম অভিব্যক্তির কারণটাও ছিল পরিষ্কার। একটু আগেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেটের ফাইনালে অঙ্কুর স্কুলকে ৪ উইকেটে হারিয়েছে বিকেএসপি।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান তোলে অঙ্কুর স্কুল। সর্বোচ্চ ৩১ রান সোহেলের। বিকেএসপির রাফসান ও রাকিন নিয়েছে ৩টি করে উইকেট। জবাবে বিকেএসপি ৪২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে টপকে যায় এই রান। বিকেএসপির মোসাব্বির করেছে সর্বোচ্চ ৩৪ রান। লিটন করেছে ২৮, কামরান অপরাজিত ২৩ রানে। সম্রাট ও রাকিবুল নিয়েছে ২টি করে উইকেট।ম্যান অব দ্য ফাইনাল বিকেএসপির রাফসান আল মাহমুদ। চার ম্যাচে ৩৭৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান মিরপুর বাংলা উচ্চবিদ্যালয়ের মোহাম্মদ মিঠু। ১০ ম্যাচে ২৭ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার হাতে তুলেছে আমিনুল হক। ৪১৪ রান ও ১৫ ডিসমিসাল করা বিকেএসপির লিটন কুমার দাস ম্যান অব দ্য টুর্নামেন্ট। সারা দেশের ৬৮টি ভেন্যুতে মোট ৫৩৯টি স্কুল নিয়ে গত বছর ২৫ ডিসেম্বর শুরু হয়েছিল এবারের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট। এর পর আঞ্চলিক চ্যাম্পিয়ন ৬৪টি স্কুল নিয়ে হয়েছে নকআউট পর্ব। চূড়ান্ত পর্বে ওঠে ৬টি বিভাগ ও ঢাকা মেট্রো অঞ্চলের সেরা দুটি দল। এই আট দল নিয়েই ঢাকায় হয় জাতীয় পর্ব।২০০৬ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন বিকেএসপি গত বছর ছিটকে পড়েছিল কোয়ার্টার ফাইনালেই। এবার বিকেএসপি খেলোয়াড়দের জেদটা ছিল তাই অন্যরকম। কোচ মতিউর রহমান জানান, ‘আমার দল এবার ভালোই খেলেছে। তবে ব্যাটিংটা আরও ভালো হতে পারত। তারপরও চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে।’ স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এসব তরুণ প্রতিভাবানের অনেকেই ঝরে পড়া স্কুলছাত্রদের মতো হারিয়ে যায়। ক্রিকেটে এগিয়ে যাওয়ার সিঁড়িটা খুঁজে পায় না তারা। এই স্কুল ক্রিকেটারদের ভবিষ্যৎ কী? মতিউর রহমান বললেন, ঠিকমতো পরিচর্যা করলে এরাই হবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ।গতবারের চেয়ে এবারের স্কুল ক্রিকেটের আয়োজন ভালো হয়েছে বলে দাবি বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিনের। তবে বিসিবির ভারপ্রাপ্ত ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার ভবিষ্যতে দুই দিনের ম্যাচ চান, ‘গতবারের চেয়ে এবারের আয়োজনটা অনেক ভালো হয়েছে। আগামী বছর থেকে দুই দিনের ম্যাচ করা যায় কি না, সেটা বোর্ডের ভেবে দেখা উচিত।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন অবশ্য বিকেএসপির চেয়ে অঙ্কুর স্কুলেরই প্রশংসা করেছেন বেশি, ‘যেসব সুযোগ-সুবিধা ও প্রাচুর্যের মধ্য দিয়ে বিকেএসপির ছেলেরা বেড়ে ওঠে সেই সুবিধা তো অঙ্কুর স্কুল পায় না। তার পরও তারা দারুণ লড়াই করেছে।’কত লড়াই করে অঙ্কুর স্কুলের ছেলেদের এ পর্যায়ে আসতে হয়েছে সেটি ভালো জানেন ওদের কোচ ওই গাফফার হাজী। রাজবাড়ীতে নিজে একটা ক্রিকেট কোচিং সেন্টার চালান। সেখানেই নিয়মিত অনুশীলন করান ছাত্রদের। স্কুলে সুযোগ-সুবিধা তেমন নেই বলে নিজের কোচিং সেন্টারে অনুশীলন করান। এত কষ্টে উঠে আসা তাঁর ছেলেরা বেশি সুযোগ-সুবিধা পাওয়া বিকেএসপির সঙ্গে শেষ লড়াইটাতে পারল না। মন খারাপ করে থাকা কেন? আলাদা একটা গর্বও তো তাঁর হওয়া উচিত।