স্কুল দল এনে হবিগঞ্জের শিক্ষা
প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত। দ্বিতীয় ম্যাচে কাল ময়মনসিংহের কাছে ১২-১ গোলে হারল হবিগঞ্জ। প্রতিযোগিতার নাম জাতীয় হকি। কিন্তু এখানে খেলছে হবিগঞ্জের একটি স্কুল দল! হবিগঞ্জ রিচি উচ্চবিদ্যালয়ের ছাত্ররা মূলত স্কুল হকির প্রস্তুতির অংশ হিসেবেই ঢাকায় এসেছে জাতীয় হকি খেলতে। গত বছর জাতীয় স্কুল হকিতে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে হেরেছিল দলটি।
প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে এমনিতেই হবিগঞ্জের ছেলেদের বয়সের অনেক পার্থক্য, অভিজ্ঞতাও অনেক কম। অনেকে স্টিকও ঠিকঠাক ধরতে পারে না। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে। হালি হালি গোল হজম করছে হবিগঞ্জ। প্রতিদ্বন্দ্বী দল জিতে যাচ্ছে খুব সহজেই। জাতীয় প্রতিযোগিতার মানও তাই প্রশ্নবিদ্ধ।
এটি জাতীয় প্রতিযোগিতা হলেও বয়সের কোনো বাধা নেই। যে কেউই খেলতে পারে। তারই সুযোগ নিয়েছে হবিগঞ্জ। কিন্তু জাতীয় প্রতিযোগিতার একটা মান থাকা উচিত বলে মনে করেন সবাই। দলগুলো খেলোয়াড় হিসেবে কাদের পাঠাচ্ছে, সেটাও নজরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন হকি বিশেষজ্ঞরা। কিন্তু এবারের জাতীয় হকির টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভির আদিল খান দায়সারা অবস্থানই নিয়েছেন, ‘হবিগঞ্জ জেলার কর্মকর্তারাই এখানে খেলতে ওদের পাঠিয়েছে। হবিগঞ্জ জেলা যদি মনে করে এই খেলোয়াড়দেরই জাতীয় হকিতে খেলাবে, তাহলে তো আমাদের কিছু করার নেই। এসব ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতাও নেই। তা ছাড়া এটা জাতীয় প্রতিযোগিতা, এখানে তরুণেরাও খেলতে পারে, পুরোনোরাও থাকতে পারে। কোন দল কয় গোল খেল, এটা আমাদের দেখার বিষয় নয়।’
হবিগঞ্জের এই খেলোয়াড়দের মধ্যে দশম শ্রেণিতে পড়ে তিনজন, দুজন সপ্তম শ্রেণিতে, বাকি সবাই নবম শ্রেণির ছাত্র। অধিনায়ক মইনুল ইসলাম বলছে, ‘আমরা অনেক কষ্ট করে ঢাকায় খেলতে এসেছি। হবিগঞ্জে বালুর মাঠে ২০ দিন অনুশীলন করেছি। আমরা আসলে জাতীয় স্কুল হকির জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হবিগঞ্জ তো বটেই, সিলেটেই কোনো হকি দল নেই। সে জন্য নিজেদের আগ্রহেই আমরা এখানে খেলতে এসেছি।’
তবে প্রথম দুই ম্যাচে ২৩ গোল হজম করলেও হবিগঞ্জের এই স্কুলছাত্ররা হতাশায় ভেঙে পড়ছে না। এটিকে তারা অভিজ্ঞতার মঞ্চ হিসেবেই দেখছে।