স্কুল দাবায় ফিরল স্ট্যান্ডার্ড চার্টার্ড
সেই ১৯৯৯ সাল থেকে স্কুল দাবার পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কিন্তু খেলার অনুকূল পরিবেশ না থাকায় এবং ফেডারেশনের কর্মকর্তাদের স্বচ্ছতার অভাবে গত দুই বছর স্কুল দাবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে আগামীকাল শুরু হতে যাওয়া ১৩তম স্কুল দাবায় আবারও পৃষ্ঠপোষকতা করছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকটিই। খেলা হবে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নতুন ভবনে।সারা দেশের দুই শতাধিক দাবাড়ু অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। খেলবে তিন ভারতীয়—শুভ্রদীপ্ত দাস, রোহন সেন, ঋতাব্রত গাঙ্গুলি এবং নেপালের রাজ প্রজাপতি ও অঞ্জনা বোহাজু। সুইস লিগ পদ্ধতিতে ‘ক’ গ্রুপে প্লে থেকে পঞ্চম শ্রেণীর দাবাড়ুরা, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ুয়ারা এবং ‘গ’ গ্রুপে খেলবে শুধু ছাত্রীরা। তিন বিভাগের প্রাইজমানি এক লাখ টাকা। ট্রফি ছাড়াও প্রথমবারের মতো দাবাড়ুদের দেওয়া হবে সনদপত্র। ঢাকায় প্রতিযোগিতা শেষ হওয়ার তিন মাসের মধ্যে বাকি ছয় বিভাগেও হবে স্কুল দাবা। আবারও স্কুল দাবায় ফিরে খুশি স্ট্যান চার্ট ব্যাংকের কর্মকর্তা বিটপী দাশ চৌধুরী, ‘আবারও স্কুল দাবার পৃষ্ঠপোষকতা করতে পেরে ভালো লাগছে।’