স্কুল ফুটবল এবার টেলিভিশনে
স্কুল ফুটবলও এবার টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ এসে গেছে বাংলাদেশের দর্শকদের সামনে। আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা মহানগর স্কুল ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করতে পারে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এ বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও গতকাল চূড়ান্ত হয়ে গেল স্কুল ফুটবলের পৃষ্ঠপোষক সংস্থার নাম। স্কুল ফুটবলের পৃষ্ঠপোষক হিসেবে গতকাল বাফুফে ভবনে ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের উপ-মহাপরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বললেন, ‘খেলাধুলায় আমাদের অংশগ্রহণ এই প্রথম নয়, তবে ফুটবলে এবারই প্রথম সম্পৃক্ত হলাম আমরা। সম্পর্কটা দীর্ঘ করতে চাই।’পৃষ্ঠপোষকদের কাছ থেকে এমন আশাবাদ পেয়ে স্কুল ফুটবলকে আরও রঙিন চেহারায় দেখার আশা করছেন বাফুফের জাতীয় স্কুল কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান।